বৃষ্টিতে বগুড়ায় দেড় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
দুই দিনের বৃষ্টিতে বগুড়ায় ১৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রাম উপজেলার নিনগ্রাম মাঠ থেকে তোলা ছবি : নয়া দিগন্ত।
ads

বগুড়া অফিস

দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা ধানসহ দেড় হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। অনেক জমির কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত শনি ও রোববারের বৃষ্টিতে জেলায় মোট এক হাজার ৫৪১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান। জেলার ১৩টি উপজেলায় এক হাজার ১৪৫ হেক্টর জমির পাকা ধান ক্ষতির সম্মুখীন হয়েছে। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সারিয়াকান্দি উপজেলায় ৭৫০ হেক্টর জমি। এরপর গাবতলীতে ২২০ হেক্টর জমির পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শিবগঞ্জে ৯০ হেক্টর, আদমদীঘিতে ৭৫ হেক্টর এবং নন্দীগ্রামে ৫ হেক্টর জমির পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এর বাইরে  ১৯৬ হেক্টর জমির মৌসুমী সবজির ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ২১৩ হেক্টর সরিষা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আগাম আলু ক্ষেতের ক্ষতি হয়েছে ১০৫ হেক্টর, ৫২ হেক্টর সবজি ক্ষেত, ১০ হেক্টর মরিচ, ৩ হেক্টর ভুট্টা ক্ষেত এবং ১৩ হেক্টরের বিভিন্ন শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ সামসুদ্দিন ফিরোজ জানান, দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেলায় ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা সরাসরি মাঠে গিয়ে কৃষকের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে গিয়ে চাষিদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেয়া হচ্ছে। ১৩টি উপজেলায় ক্ষতিগ্রস্ত আট হাজার ৪৯১ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই কৃষি মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ এলে কৃষকদের নিকট পৌঁছে দেয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বগুড়ায় এক লাখ ৮৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে এক লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে। এ ছাড়া জেলায় দুই লাখ ৯৩ হাজার ৬২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।