
মো: শহীদুল্লাহ গাজী ডেমরা (ঢাকা)
রাজধানীর ডেমরার বাঁশের তৈরি মাছ ধরার খাঁচা বা খাড়ির কদর ছিল দেশজুড়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে এখানকার খাড়ি কিনে নিয়ে যেতেন। বংশপরম্পরায় কয়েক শ’ কারিগর এ শিল্পের সাথে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের পরিবর্তনে বাঁশের পণ্যের চাহিদা কমেছে। বেড়েছে কাঁচামালের দাম ও উৎপাদন খরচ। অন্য দিকে বাজার দখল করেছে প্লাস্টিক ও ককশিটের সামগ্রী। ফলে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সঙ্কটে পড়েছে ডেমরার ঐতিহ্যবাহী এ কুটির শিল্প। জীবিকার তাগিদে অনেক কারিগর পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন। তৈরি হচ্ছে না নতুন দক্ষ কারিগরও।
স্থানীয় কারিগরদের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নিলে কয়েক প্রজন্মের ঐতিহ্যবাহী এ শিল্প একসময় হারিয়ে যাবে। যথাযথ সুযোগ-সুবিধা ও সরকারি সহায়তা পেলে তারা আবার এ পেশায় ফিরতে আগ্রহী।
একসময় ডেমরা ও আশপাশের এলাকায় বাঁশ দিয়ে কুলা, ডালা, চালুন, ঝুড়ি, মোড়া, খেলনা, মাছ ধরার চাই, খলই ও মাছ রাখার খাড়িসহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তৈরি হতো। স্থানীয় হাটবাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধিতে বাঁশের সামগ্রীর বাজার সঙ্কুুচিত হয়েছে।
সরেজমিন দেখা যায়, ডেমরা বাউলের বাজারসংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া ও দেইল্লা পশ্চিমপাড়া এলাকায় এখনো কয়েকটি পরিবারের সদস্যরা মাছের খাড়ি তৈরি করছেন। বংশপরম্পরায় তারা এ কাজ করে আসছেন। পরিবারের নারী-পুরুষ ও সন্তানেরাও এ কাজে সহযোগিতা করেন। কায়েতপাড়ার ৬৯ বছর বয়সী সম্ভু নাথ মালাকার ও তার বড় ভাই ৭২ বছর বয়সী ভোলানাথ মালাকার এ পেশায় যুক্ত। তাদের বাবা ও দাদাও একই কাজ করতেন। একই এলাকার তপন, মনোরঞ্জন, সত্যবান কবিরাজ, কালাচান মালাকার, নুর ইসলাম, বিপ্লব সরকার ও সামসুদ্দিনসহ অনেকে এ কাজ করেন। দেইল্লা পশ্চিমপাড়ায় সমীর কুমার সরকার, শিবু, গণেশ, আশানন্দ ও প্রদীপসহ কয়েকটি পরিবারের সদস্যরা খাড়ি তৈরি করেন। বাড়ির উঠান কিংবা রাস্তার পাশে বসে আপন মনে খাড়ি তৈরি করেন কারিগররা। বরাক এবং ওড়া বা জাইত বাঁশ দিয়ে বিভিন্ন আকারের মাছের খাড়ি তৈরি করা হয়। এ কাজে বাঁশের পাশাপাশি দা, বঁটি, করাত, ছুরি, সুতলি ও তারসহ নানা উপকরণ লাগে।
কমেছে আয়, বেড়েছে উৎপাদন খরচ
কারিগররা জানান, বাঁশসহ প্রায় সব উপকরণের দাম বেড়েছে। অথচ প্রতিযোগিতার কারণে তৈরি পণ্যের দাম কমেছে। আড়াই হাতের একটি খাড়ি আগে ৫০০ টাকায় বিক্রি হলেও এখন পাওয়া যায় ৩৭০-৪০০ টাকায়। ছয় হাতের খাড়ি আগে পাঁচ হাজার টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকায়। তবে ১৫ হাতের বড় খাড়ি ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায়। অর্ডার অনুযায়ী এ ধরনের বড় খাড়ি তৈরি করেন দক্ষ কারিগররা।
একসময় মুন্সীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, সোনারগাঁ, কুমিল্লার মাদাইয়া, কেরানীগঞ্জ, আরিচা, যাত্রাবাড়ী, পুরান ঢাকার সোয়ারীঘাট ও বরিশালসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা ডেমরায় এসে খাড়ি কিনতেন। এখনো কেউ কেউ অর্ডার দিয়ে খাড়ি তৈরি করিয়ে নেন। তবে শীতলক্ষ্যা ও বালু নদে মাছের পরিমাণ কমে যাওয়া এবং ডেমরায় মাছ চাষ হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারেও এর চাহিদা কমেছে।
কায়েতপাড়ার প্রবীণ কারিগর সম্ভু নাথ মালাকার জানান, ৫৭ বছর আগেও তাদের এলাকায় ৭০-৮০ জন কারিগর ছিলেন। তখন এ কাজ করে ভালো আয় হতো। সংসারের খরচ মিটিয়ে সঞ্চয়ও করা যেত। এখন সন্তানদের অন্য পেশায় যুক্ত করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
তিনি বলেন, আগে প্রতি মাসে ছোট আকারের ৭০-৮০টি খাড়ি তৈরি করে প্রায় ২১ হাজার টাকা আয় হতো। এখন একই পরিমাণ খাড়ি তৈরি করে আয় হচ্ছে ১৪-১৫ হাজার টাকা। প্লাস্টিকের খাড়ি, ঝুড়ি, ড্রাম ও মাছ পরিবহনে ককশিটের ব্যবহার বেড়ে যাওয়ায় তাদের পণ্যের চাহিদা কমেছে।
দেইল্লা পশ্চিমপাড়ার কারিগর সমীর কুমার সরকার জানান, ব্রিটিশ আমল থেকেই তাদের পূর্বপুরুষরা এ কাজ করতেন। একসময় ডেমরায় দেড় শতাধিক হিন্দু পরিবার এ পেশায় যুক্ত ছিল। সারা দেশে ডেমরার তৈরি মাছের খাড়ির কদর ছিল। কিন্তু সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে অনেক পরিবার এ পেশা ছেড়ে দিচ্ছে।
সরকারি পৃষ্ঠপোষকতার দাবি
কারিগরদের দাবি, মাছের স্বাভাবিক গুণাগুণ ও স্বাদ বজায় রাখতে বাঁশের খাড়ির ব্যবহার বাড়ানো প্রয়োজন। মাছ পরিবহনে প্লাস্টিক ও ককশিটের পরিবর্তে বাঁশের সামগ্রী ব্যবহারে সরকার উদ্যোগ নিতে পারে। পাশাপাশি সহজ শর্তে ঋণ, কাঁচামাল সরবরাহ, প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা দেয়া হলে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।
ডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন রতন বলেন, বাঁশের বেতি, চটা, চাক ও টেউর দিয়ে তৈরি হয় মাছের খাড়ি। মাছ সংরক্ষণের জন্য এটি উপযোগী মাধ্যম। বর্তমানে ছোট পিকআপে মাছ পরিবহন এবং প্লাস্টিক ও ককশিটের সামগ্রীর ব্যবহার বেড়ে যাওয়ায় খাড়ির প্রচলন কমেছে। এ ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি।
কারিগরদের মতে, যথাযথ উদ্যোগ নেয়া হলে এ শিল্পের ঐতিহ্য রক্ষার পাশাপাশি বহু পরিবারের কর্মসংস্থানও টিকিয়ে রাখা সম্ভব। অন্যথায় হারিয়ে যাবে ডেমরার কয়েক প্রজন্মের শ্রম, দক্ষতা ও ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা বাঁশের মাছের খাড়ি শিল্প।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









