
আলজাজিরা ও ফ্রান্স২৪
বর্ণবাদী মনোভাব নিয়ে এক কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে মারধর করার অপরাধে ফ্রান্সের তিন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২০ সালে প্যারিসে ঘটা ওই নির্যাতনের মামলায় বর্ণবাদকে অপরাধের একটি গুরুতর কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিচারক। ফ্রান্সে পুলিশের নির্যাতনের ঘটনায় এ ধরনের রায়কে অত্যন্ত বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত শুক্রবার প্যারিসের ফৌজদারি আদালত ৪৭ বছর বয়সী সঙ্গীত প্রযোজক মিশেল জেকলারের জবানবন্দীকে বিশ্বাসযোগ্য বলে রায় দেন। পাশাপাশি তার ওপর সংঘটিত হামলায় বর্ণবাদী উদ্দেশ্য ছিল বলেও আদালত মেনে নেন। ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ২১ নভেম্বর। সে সময় করোনাভাইরাস মহামারী চলাকালে প্যারিসে নিজ স্টুডিওর বাইরে পুলিশের হামলার শিকার হন জেকলার। মুখে মাস্ক না থাকা এবং এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ তুলে তাকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। তবে স্টুডিওর নিরাপত্তা ক্যামেরার ফুটেজে পুরো নির্যাতনের দৃশ্য রেকর্ড হয়ে যায়। ওই হামলায় জেকলারের মাথায় আঘাত লাগে, ঠোঁট ও মাথার ত্বক ফেটে ক্ষত তৈরি হয় এবং তার বাহুর বাইসেপস টেনডন পুরোপুরি ছিঁড়ে যায়।
আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, মারধরের পর হাতকড়া পরানোর মুহূর্তেই এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বর্ণবাদী গালি শোনার বিষয়টি জানিয়েছিলেন জেকলার। পরবর্তী সময়ে থানা হেফাজতে, হাসপাতালে যাওয়ার পথে এবং পরিবারের সদস্যদের কাছেও তিনি একই অভিযোগের কথা বলেন। অন্যদিকে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা ঘটনার প্রতিবেদন জালিয়াতি করায় বর্ণবাদী গালি দেয়ার অভিযোগ অস্বীকার করেও আদালতের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









