
এএফপি
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে বরাদ্দ বাড়ানো এবং জলবায়ু সঙ্কটের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। গত শুক্রবার ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারগুলো তরুণ প্রজন্মের উদ্বেগ ও ভবিষ্যতের কথা উপেক্ষা করছে। ভূরাজনৈতিক সঙ্কট মোকাবেলা ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে গিয়ে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে প্রয়োজনীয় বিনিয়োগ করছে না।
৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত তরুণদের একটি জোট এই বিক্ষোভের আয়োজন করে। বিভিন্ন দেশে বিক্ষোভের কারণের মধ্যে আরো ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতি। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কোথাও আতশবাজি জ্বালানো হয়, কোথাও পোড়ানো হয় ট্যাংকের কার্ডবোর্ডের প্রতিকৃতি।
ইতালির মিলান শহরে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী মাধ্যমিকের শিক্ষার্থী অলিভিয়া ফেরারিও এএফপিকে বলেন, রাস্তায় নেমে তরুণেরা তাদের ‘প্রাণশক্তি ও দৃঢ়সংকল্প’ প্রকাশ করছেন। তিনি বলেন, ‘সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা নীরব থাকতে পারি না।’ মিলানের ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে বিক্ষোভের দিন বিভিন্ন শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
শিক্ষা ও আবাসনে বিনিয়োগের দাবি
সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, দেশজুড়ে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। লুসান শহরে একটি ব্যানারে লেখা ছিল, ‘কৃচ্ছ্রসাধন সামাজিক সহিংসতা।’ আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘নিরামিষভোজী হও; কিন্তু ধনীদের খাও।’ সুইজারল্যান্ডের বার্তা সংস্থা কিস্টোন- এটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের বেশির ভাগই শান্তিপূর্ণ ছিল। তবে একটি বিক্ষোভ শেষ হওয়ার পর অল্পসংখ্যক মানুষের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করা হয়।
জার্মানির রাজধানী বার্লিনে বিশ্ববিদ্যালয় ও স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তাদের অন্যতম উদ্বেগের বিষয় ছিল দেশটির দ্রুত সামরিক শক্তি বেড়ে যাওয়া। এতে আবার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গত বছর উচ্চমাধ্যমিক শেষ করা ১৮ বছর বয়সী হেলেনা কোসাটজ এএফপিকে বলেন, ‘কাউকে যুদ্ধ করা ও মানুষ হত্যা করতে শেখাতে বাধ্য করা এবং এরপর তাকে যুদ্ধে পাঠানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে আমি মনে করি।’ প্রতিকূল রাশিয়ার মুখে ইউরোপ যখন সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক শক্তি বৃদ্ধিতে বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের জন্য নীতিমালা প্রণয়ন এবং আবাসন খাতে ব্যয় করা উচিত।
এ দিকে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে ও কাছের ট্রাফালগার স্কয়ারে কয়েক শ’ বিক্ষোভকারী জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন স্কুলের পোশাক পরা ছিলেন। তাদের হাতে ছিল ‘উচ্চশিক্ষা বাঁচাও’ এবং ‘তাদের যুদ্ধ নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কলেজ থেকে এক দিনের ছুটি নিয়ে বিক্ষোভে অংশ নেয়া এলিজ বলেন, ‘আমি অনেকটাই আশা হারিয়ে ফেলেছি।’
১৮ বছর বয়সী এই তরুণী বলেন, অর্থের অভাবে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। এর সাথে যুক্ত হয়েছে চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। তার ভাষায়, ‘বেশির ভাগ চাকরিই এআইয়ের দখলে চলে যাচ্ছে। সবার মধ্যেই যেন বিষণœতা আরো বাড়ছে।’
লন্ডনের বিক্ষোভে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারীদের কয়েকটি দলের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। এএফপি কয়েকজনকে গ্রেফতার হতেও দেখেছে। সেখানে ‘ফিলিস্তিন চিরকাল বেঁচে থাকবে’ সেøাগান শোনা যায়। ইউরোপজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভে ফিলিস্তিনের পতাকাও দেখা গেছে। ইতালির রাজধানী রোমে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একটি ব্যানার নিয়ে মিছিল করেন। তাতে লেখা ছিল, ‘কেউ আমাদের স্বাধীনতা না দিলে আমরা তা ছিনিয়ে নেব- সরকার, যুদ্ধ ও জীবনযাত্রার উচ্চব্যয়ের বিরুদ্ধে।’
রোমেও বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দিকে বোতল ও ধোঁয়া সৃষ্টিকারী বোমা ছুড়ে মারেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









