বিদেশে এআই ডাটা সেন্টার গড়লে মার্কিন কোম্পানিকে নিষিদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিদেশে এআই ডাটা সেন্টার গড়লে মার্কিন কোম্পানিকে নিষিদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের।
ads

 বিবিসি 
দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডাটা সেন্টার নির্মাণ করলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান বিদেশে এ ধরনের অবকাঠামো গড়ে তুলবে, তাদের ওপর ‘বিপুল পরিমাণ করো’ আরোপের হুমকিও দিয়েছেন তিনি। সম্প্রতি এশিয়া সফর শেষে দেশে ফিরে এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প এ অবস্থানের কথা জানান। তবে এই সম্ভাব্য নীতির রূপরেখা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে ডাটা সেন্টার নির্মাণ করতে না দেয়ার এ বিষয়টি তার মন্ত্রিসভার সদস্যরাও প্রথমবার শুনছেন। 
ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব কিছু নিজের দেশেই রাখব। আমাদের কোম্পানিগুলোকে বাইরে ডাটা সেন্টার বানাতে দেয়া হবে না। কারণ চীন সেগুলোর সব দখল করে নেবে, যা আমরা কোনোভাবেই হতে দেবো না।’ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, এটি ব্রেকিং খবর কি না তা তার জানা নেই, তবে বিষয়টি তিনি আগে নিজের লোকদেরও জানাননি; সেখানে উপস্থিত সবার সামনেই প্রথমবার তা প্রকাশ করলেন। যুক্তরাষ্ট্র ডাটা সেন্টার নির্মাণে এগিয়ে আছে দাবি করে ট্রাম্প বলেন, এআইয়ের লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কাছে হারতে দেয়া হবে না। বক্তব্যে তিনি এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই হিসেবে অভিহিত করেন। অবশ্য তার এই ভাবনা শেষ পর্যন্ত আনুষ্ঠানিক নীতিতে রূপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। 
মেটা ও গুগলের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বিভিন্ন দেশে ডাটা সেন্টার নির্মাণের চুক্তি করেছে। ট্রাম্প নতুন এই নীতি কার্যকর করলে ওই সব প্রকল্পের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়টিও পরিষ্কার নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে উন্নত কম্পিউটার চিপ রফতানি এবং এর কম্পিউটিং ক্ষমতা ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। গত সোমবারের ওই ঘোষণায় বলা হয়, উন্নত চিপ কিনতে হলে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নিতে হবে। এর মাধ্যমে চিপগুলো চীনা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হচ্ছে কি না বা চীনে পাচার হচ্ছে কি না, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা নজরদারি চালাতে পারবেন। ট্রাম্পের নতুন হুঁশিয়ারি এ পদক্ষেপের পরপরই এলো। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ ওই অঞ্চলের দেশগুলো ডাটা সেন্টার খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে এবং চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে কম্পিউটিং ক্ষমতা ভাড়া নেয়ার চেষ্টা চালাচ্ছে।