
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার (২১ নভেম্বর) পালিত হয়েছে সশস্ত্রবাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ উপলক্ষে দেয়া বক্তব্যে দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্রবাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্রবাহিনীর ভাবমর্যাদা ক্ষুণœ করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্রবাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গতকাল শনিবার সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্রবাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দু’টি প্রধান দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে শহীদদের কাক্সিক্ষত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ : সশস্ত্রবাহিনীর ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্রবাহিনীর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই সশস্ত্রবাহিনী দিবস পালন করা হয়।
তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্রবাহিনীর ভাবমর্যাদা বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণœ করার গভীর ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি।
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ার পরিকল্পনা : সশস্ত্রবাহিনীকে আরো আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্রবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।
সশস্ত্রবাহিনীর শক্তিমত্তা বজায় রাখতে চেইন অব কমান্ডের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
২০৩০ সালের মধ্যে ওয়ান র্যাংক, ওয়ান পেনশন : সশস্ত্রবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সশস্ত্রবাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা : প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্রবাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ভূমিকা প্রশংসনীয়।
বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্রবাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।
দেশে-বিদেশে শাহাদতবরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের রূহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। আহত সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
স্মৃতিচারণে খালেদা জিয়া : বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির মরহুম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্রবাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার জীবনের শেষ অংশগ্রহণ। মায়ের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্রবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা অনুষ্ঠানে অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









