দর্শক এখনো তাদের নাটক দেখতে চায়
দর্শক এখনো তাদের নাটক দেখতে চায়।
ads

বিনোদন রিপোর্ট 
একটা সময় টিভি নাটকে নিয়মিত দেখা যেত অপি করিম, ঈশিতা, রিচি সোলায়মান, শ্রাবন্তী ও নাদিয়া আহমেদকে। তাদের মধ্যে শ্রাবন্তী অভিনয় থেকে বলা যায় বিগত বেশ কয়েক বছর যাবৎ বহু দূরেই আছেন। সন্তানদের নিয়ে তিনি সুদূর আমেরিকাতেই স্থায়ীভাবে বসবাস করছেন। অন্য দিকে অপি করিম মাঝে মাঝে সিনেমাতে, নাটকে অভিনয় করেন। অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়। ঈশিতা আজ থেকে বেশ কয়েক বছর আগে ‘নট আউট’ নাটকে সর্বশেষ অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায়। নাদিয়া আহমেদ বলা যায় সর্বশেষ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। এরপর এক বছরের বেশি সময় ধরে তিনিও আমেরিকাতেই বসবাস করছেন স্বামী এফএস নাঈমের সাথে। অভিনেত্রী রিচি সোলায়মানই শুধু এই পাঁচজনের মধ্যে অভিনয়ে কিছুটা নিয়মিত আছেন। কিছু দিন আগে তার অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আবারো। প্রথমবারের মতো রিচি একটি সিনেমাতেও অভিনয় করেছেন। নাম ‘রবি ইন ঢাকা’ যেটি নির্মাণ করেছেন রাজীব সালেহীন। এছাড়াও দীপ্ত টিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া ‘এআই জুনিয়র’ ধারাবাহিকে তিনি তামান্না চরিত্রে অভিনয় করছেন। যা শিগগিরই প্রচারে আসছে। নাদিয়া আহমেদ বলেন, ‘কিছু দিন আগে আমি ঢাকা গিয়েছিলাম মাত্র কয়েক দিনের জন্য। সেই সময় কায়সার ভাইসহ যারা জানতেন তারা সবাই বলেছিলেন নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আসলে আমার হাতে এত কম সময় ছিল যে, নাটকে অভিনয় করার জন্য আলাদা সময় বের করা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারপরও যারা আমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ ঈশিতা বলেন, ‘বলা যায় প্রতিনিয়তই নাটকে অভিনয়ের জন্য স্ক্রিপ্ট আসে। কিন্তু খুব ভালো না লাগলে করার জন্য করা এমন কোনো নাটকে আর অভিনয় করতে চাই না। যেহেতু আমি একটা সময় নাটক পরিচালনা করতাম, তাই গল্প পড়লে বুঝতে পারি সেটি শেষ পর্যন্তী কী হবে না হবে। যে কারণে জেনে বুঝে যে কোনোরকম গল্পের নাটকে অভিনয় করতে চাই না।’ রিচি সোলায়মান বলেন, ‘কিছু দিন আগে চয়ন দিদির একটি নাটকে অভিনয় করেছিলাম। বেশ ভালো সাড়া পেয়েছিলাম। নাটকের গল্পটা খুব সুন্দর ছিল। এরই মধ্যে সিনেমাতেও অভিনয় করেছি। সিনেমা নিয়ে  বেশি কিছু বলা যাচ্ছে না। এরই মধ্যে এআই জুনিয়র নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছি, যা শিগগিরই দীপ্ত টিভিতে প্রচারে আসবে।’