ইমারত নির্মাণ বিধিমালায় আসছে আরো পরিবর্তন
ads

 হামিম উল কবির

ইমারত নির্মাণ বিধিমালায় আরো পরিবর্তন আসছে। সর্বশেষ বিধিটি হয়েছে ২০২৫ সালের ডিসেম্বরে। ইমারত নির্মাণ বিধিমালায় সামনে যে সংশোধনটি হতে যাচ্ছে তা আগের বিধিমালায় থাকা ফাঁক ফোকরগুলো বন্ধ করে দেবে। আগের বিধিমালায় থাকা কয়েকটি বিষয়ে কঠোর বিধান থাকবে বলে জানা গেছে। এর মধ্যে অকুপেন্সি সার্টিফিকেট নেয়া বাধ্যতামূলক করা হবে। বর্তমানে রাজউকের আওতাধীন ৯০ শতাংশ ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই। পুরনো ভবনগুলোকে কিছু জরিমানা করে অকুপেন্সি সার্টিফিকেট দেয়ার কথা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে অবশ্যই দুর্বল ভবনগুলোকে অকুপেন্সি সার্টিফিকেট দেয়া হবে না।  
জানা গেছে, অকুপেন্সি সার্টিফিকেট ভবন মালিকরা বেশির ভাগ ক্ষেত্রে ইচ্ছা করে নেন না। ঢাকা শহরের বেশির ভাগ মালিকই রাজউক থেকে অনুমোদিত নকশা অনুসরণ না করে নিজের ইচ্ছামতো ভবন নির্মাণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এসব ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নিতে গেলে রাজউকের পরিদর্শনে তা ধরা পড়বে এবং রাজউক হয় জরিমানা করবে নয়তো অকুপেন্সি সার্টিফিকেট দেবে না। এ কারণে ঢাকার ভবন মালিকরা এই সার্টিফিকেট নিতে যান না।
এ ব্যাপারে রাজউকের বোর্ড সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) যুগ্মসচিব মো: এরাদুল হক নয়া দিগন্তকে জানিয়েছেন, বেশির ভাগ ক্ষেত্রেই ভবন মালিকরা অনুমোদিত নকশার ব্যত্যয় করে অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণ করে থাকেন। অনুমোদিত ফ্লোর এরিয়ার রেশিও বা ফারের বেলায়ও মালিকরা অনুমোদিত ফার মেনে চলেন না। তারা তাদের সুবিধা মতো ফ্লোর এরিয়া রেশিও নিধারণ করেন। প্রয়োজনীয় সেটব্যাক না ছেড়েও ভবন নির্মাণ হয়ে যায়। পরিদর্শনে দেখা যায়, পার্কিংয়ের জায়গায় দোকান বা অন্য স্থাপনা তৈরি করে ফেলেছেন। অনুমোদন না থাকলেও মালিকরা ছাদে অতিরিক্ত তলা নির্মাণ করেন। এ ধরনের বিচ্যুতি থাকলে রাজউক পরিদর্শনের পর অকুপেন্সি সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানিয়ে থাকে। সে কারণে ভবন মালিকরা ভবন নির্মাণ করে বসবাস করে শুরু করলেও রাজউকের অকুপেন্সি সার্টিফিকেট নেন না। মো: এরাদুল হক বলেন, ‘আমরা চাই ভবন মালিকরা যেন অকুপেন্সি সার্টিফিকেট নিয়েই ভবন ব্যবহার করেন। সামনে যে ইমরাত নির্মাণ বিধিমালাটি হচ্ছে সেখানে এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা থাকবে আমরা চাই, ‘ইমারত নির্মাণে শৃঙ্খলা আসুক, রাজউকের বিধান অনুসরণ করে টেকসই ও বাসপযোগী ভবন হোক ঢাকায়।’   
‘কেন ইমারত নির্মাণ করেও রাজউক থেকে অকুপেন্সি সার্টিফিকেট নেয়া হয় না’ বিষয়টি ঢাকা শহরের রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ব্যক্তিগত উদ্যোগে ভবন নির্মাণ করে বসবাস করছেন এবং ভাড়া দিয়েছেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা মূলত ইমারতের যে অনিয়ম করা হয় তা ধরা পড়া এবং জরিমানার ভয়ে অকুপেন্সি সার্টিফিকেট নেন না। তারা জানান,  ‘সনদ নিতে গেলে অনিয়ম ধরা পড়ার আশঙ্কা থাকে। সনদের জন্য আবেদন করলে ভবনের নকশাবহির্ভূত অংশ চিহ্নিত হয়ে যাবে। ফলে জরিমানা, সংশোধন, অপসারণ বা আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তাছাড়া অকুপেন্সি সার্টিফিকেট না থাকলেও ভবনে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ নেয়া সম্ভব হচ্ছে,  ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে কোনো সমস্যা হচ্ছে না। তারা বলেন, ভাড়াটিয়া বসবাস করতে পারছেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চলতে পারছে।’ এসব কারণে বেশির ভাগ ভবন মালিক অকুপেন্সি সার্টিফিকেট নেন না।  এ ব্যাপারে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে রাজউকের অধীন এলাকায় সংস্থাটির তদারকিতেও দুর্বলতা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়মিত পরিদর্শন ও সাটিফিকেট গ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে রাজউকের দুর্বলতাকেই অন্যতম কারণ বলছেন রাজউকের কর্মকর্তারা। 
‘২০২৫ সালের আগে নির্মিত যেসব ভবনে বিধিমালার ব্যত্যয় রয়েছে এবং অকুপেন্সি সার্টিফিকেট নেয়া হয়নি, সেগুলোকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধতা দেয়ার জন্য রাজউক একটি খসড়া বিধিমালা নিয়ে কাজ করছে। শিগগিরই ওই বিধিমালাকে অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ে পেশ করা হবে বলে রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো: এরাদুল হক নয়া দিগন্তকে জানিয়েছেন।’