বৈরী আবহাওয়ায় লবণ ও ইটভাটায় উৎপাদনে বিঘœ, ব্যাপক আর্থিক ক্ষতি
ads

এস এম রহমানপটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের (আকভান) প্রভাবে চট্টগ্রামেও বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। টানা হালকা ও মাঝারি বৃষ্টিতে লবণ ও ইটভাটায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে কোটি কোটি টাকার কাঁচা ইট এবং নষ্ট হয়েছে লবণের মাঠ। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন লবণচাষি ও ইটভাটার মালিকেরা।
গত ১৩ নভেম্বর থেকে এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ এলাকার লবণের মাঠ বৃষ্টির পানিতে ভেসে যায়। ফলে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। একইভাবে দুর্যোগে দক্ষিণ চট্টগ্রামের প্রায় দেড় শতাধিক ইটভাটায় গড়ে ১০ থেকে ১২ লাখ করে তৈরি করা কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, অসময়ের এই বৃষ্টিতে মাঠের পাকা আমন ধান হেলে পড়েছে। পাশাপাশি শীতকালীন আগাম শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। 
অন্য দিকে মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মাঠে থাকা লবণ বৃষ্টির পানিতে গলে নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় পড়েছেন প্রান্তিক লবণচাষিরা।
একই চিত্র দেখা গেছে ইটভাটাগুলোতেও। শুষ্ক মৌসুমের শুরুতে রোদে শুকানোর জন্য মাঠে রাখা লাখ লাখ কাঁচা ইট টানা বৃষ্টিতে গলে নষ্ট হয়ে গেছে। এতে ভাটামালিকদের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক। 
এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের কয়েক হাজার মাছ ধরার ট্রলার সাগর থেকে তীরে ও উপকূলের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। ফলে মাছ ধরা বন্ধ থাকায় ট্রলার মালিক ও মাঝিমাল্লা উভয় পক্ষই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ট্রলার মালিকেরা। ভুক্তভোগী স্থানীয় এক কৃষক ও ইটভাটা মালিক জানান, মৌসুমের শুরুতেই এমন আকস্মিক বৃষ্টিতে তাদের বড় অঙ্কের পুঁজি নষ্ট হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নেয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: ফরিদুল আলম চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ চট্টগ্রামের প্রায় দেড় শতাধিক ইটভাটায় গড়ে ১০ থেকে ১২ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে প্রতিটি ইটভাটায় গড়ে ২০ থেকে ২২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এক দিকে কয়লার মূল্যবৃদ্ধি, অন্য দিকে মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ইটভাটার মালিকেরা।
এ দিকে চলতি মৌসুম শুরুর অন্তত ১৫ দিন আগে, অর্থাৎ ১ নভেম্বর থেকে দেশে লবণ উৎপাদন শুরু হলেও গত ১৫ নভেম্বর থেকে উপকূলীয় এলাকায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেনারেল ম্যানেজার মো: জাফর ইকবাল ভূঁইয়া।
বিসিক সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ মৌসুমে অপরিশোধিত লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ৩৪ হাজার মেট্রিক টন। আর পরিশোধিত লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে ২১.০৩ লাখ মেট্রিক টন। এই চাহিদার মধ্যে ভোজ্য লবণ ৭.৫ লাখ মেট্রিক টন, শিল্প খাতে ৯.৫৬ লাখ মেট্রিক টন, মৎস্য খাতে ০.৩৭২ লাখ মেট্রিক টন এবং প্রাণিসম্পদ খাতে ৩.৬ লাখ মেট্রিক টন।
গত ১ নভেম্বর ১০ জন চাষির প্রায় ১০ মেট্রিক টন লবণ উৎপাদনের মধ্য দিয়ে চলতি ২০২৬-২৭ মৌসুমের প্রথম লবণ উৎপাদন শুরু হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ১৫ নভেম্বর থেকে মাঠপর্যায়ে লবণ উৎপাদন বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিসিকের জেনারেল ম্যানেজার মো: জাফর ইকবাল ভূঁইয়া জানান, ১৪ নভেম্বর পর্যন্ত মোট ৪১০ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। এ ছাড়া মাঠে বর্তমানে মজুদ রয়েছে প্রায় এক লাখ ১৭ হাজার মেট্রিক টন লবণ। আবহাওয়া ভালো হলেও পুনরায় লবণ উৎপাদন শুরু করতে আরো সাত থেকে আট দিন সময় লাগবে বলে তিনি জানান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাঁশখালীর শেখেরখীল ট্রলার মালিক সমিতির সভাপতি মো: এয়ার আলী জানান, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাঁশখালীর শত শত মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের কয়েক হাজার মাছ ধরার ট্রলার প্রয়োজনীয় রসদপত্র নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছে। এতে প্রতিটি ট্রলারের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি।