
আশরাফুল মামুন মালয়েশিয়া
নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশের পর ১১ বছর ধরে মালয়েশিয়ার বন্দিশিবিরে আটকা থাকা কুড়িগ্রামের রৌমারীর মো: শাহ জামালের (৪০) পরিবারের সন্ধান পাওয়া গেছে। ইতোমধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৬ সালে বৈধভাবে চাকরির উদ্দেশ্যে দেশটিতে গিয়ে পাসপোর্ট হারানো ও ভাষাগত জটিলতার কারণে অভিবাসন পুলিশ তাকে ভুলবশত মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করেছিল।
সম্প্রতি এ বিষয়ে দৈনিক নয়া দিগন্তে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশে ভাইরাল হয়। প্রতিবেদনটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি গ্রামে থাকা শাহ জামালের পরিবারের নজরে আসে। এরপর শাহ জামালের বড় ভাই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো: সিদ্দিকুর রহমান জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করা মেহেদী হাসানের মাধ্যমে শাহ জামালের মূল পাসপোর্টের অনুলিপি হাতে পাওয়ার পর মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। তাকে খুঁজে বের করে যত দ্রুত সম্ভব দেশে প্রত্যাবর্তন করা হবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, শাহ জামাল দেশটির পেরাক জেলার একটি বন্দিশিবিরে আটক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০১৬ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান শাহ জামাল। কিন্তু কুয়ালালামপুরে পেঁৗঁছানোর তিন দিনের মাথায় ছিনতাইয়ের শিকার হয়ে পাসপোর্টসহ সর্বস্ব হারান তিনি। এর কিছুদিন পর অভিবাসন পুলিশের হাতে আটক হন। স্থানীয় ভাষা না জানা এবং দেশটিতে কোনো স্বজন ও পাসপোর্ট না থাকায় পুলিশ তাকে বাংলাদেশের পরিবর্তে মিয়ানমারের নাগরিক হিসেবে কারাগারে নথিভুক্ত করে। তার পরিচয়পত্রে মিয়ানমার ও বাংলাদেশ- উভয় নাগরিকত্বের তথ্যই রয়েছে।
এই ১১ বছরের দীর্ঘ প্রবাস জীবন ও বন্দিশালায় আটকে থাকার কারণে শাহ জামালের পরিবারে নেমে এসেছে চরম বিপর্যয়। নদীভাঙনে তাদের বসতভিটা বিলীন হয়ে গেছে। শাহ জামালের মা কান্নায় ভেঙে পড়ে জানান, পুত্রশোকে তার স্বামী বাছির আলী তিন বছর আগে মারা গেছেন; এখন তিনি শুধু পুত্র শাহ জামালের মুখ দেখার জন্য বেঁচে আছেন।
শাহ জামালের স্ত্রী গোলাপী বেগম জানান, সন্তান গর্ভে থাকা অবস্থায় ২০১৬ সালে তার স্বামী মালয়েশিয়ায় যাওয়ার পর আর কোনো যোগাযোগ করতে পারেননি। বর্তমানে সে সন্তানের বয়সও ১১ বছর হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









