অগ্নিসন্ত্রাস, নাশকতা, আওয়ামী লীগ, বিশ্লেষক, রাজনীতিকরা,
অগ্নিসন্ত্রাস ও নাশকতায় কি ফিরতে পারবে আওয়ামী লীগ? কী বলছেন বিশ্লেষক ও রাজনীতিকরা। সংগৃহীত
ads

কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কি আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে? রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতে, কেবল আগুন-সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার পথ ধরে ইতিহাসে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী ক্ষমতায় আসতে পারেনি। এর পরিবর্তে প্রয়োজন ইতিবাচক রাজনীতি, আত্মসমালোচনা এবং সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য; অথচ দলটির বর্তমান রাজনীতির প্রধান লক্ষ্য নিয়ে এখনো স্পষ্ট কোনো রূপরেখা দেখা যায়নি।

গণ-অভ্যুত্থানের পরও স্পষ্ট নয় রাজনৈতিক অবস্থান

চব্বিশের গণ-অভ্যুত্থানের আগের সময়কার কোনো ত্রুটি নিয়ে আওয়ামী লীগ এখনো কোনো রাজনৈতিক অবস্থান বা ব্যাখ্যা তুলে ধরেনি। জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারানোর পরও দলটি নিজেদের কোনো ভুল মেনে নেয়নি।

এর ফলে মানুষের সামনে নতুন কী কর্মসূচি বা বার্তা নিয়ে হাজির হবে—সে বিষয়ে কোনো পথনির্দেশনা না দিয়েই তারা শুধু ককটেল হামলা ও অগ্নিসন্ত্রাসের মধ্যেই নিজেদের আটকে রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের চলমান সহিংস তৎপরতা প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনের মানুষ, বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মতামত দিয়েছেন। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে যে আর রাজনীতিতে ফেরা সম্ভব নয়, এ বিষয়ে তাদের সবার অভিমত একই।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বার্তা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার কোনো চাপে নেই।’ 

আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেখান থেকে ভিডিওবার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেয়া হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।’

অন্যদিকে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগুন দেয়া, মানুষ পোড়ানো, হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও গণহত্যা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের সাথে জড়িত।’ 

তিনি অভিযোগ করেন, দলটি আবারো এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে সরকার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এবং প্রাণহানি ঘটে। কিন্তু বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে চায় না। একজন নিরপরাধ মানুষও যাতে গুলিতে নিহত বা আহত না হন, সে বিষয়ে সরকার সতর্ক।

নতুন রাজনৈতিক বয়ানের আলোচনা ও বিশ্লেষকদের পর্যবেক্ষণ

কোনো রাজনৈতিক বক্তব্য না দিয়ে শুধু অগ্নিসন্ত্রাস, ককটেল ও সহিংসতার পুরোনো কৌশল কাজে আসবে কি না, এমন আলোচনা রয়েছে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও। 

তাদের মতে, বরং ধৈর্য ধারণ এবং পরিস্থিতি পর্যালোচনা করে রাজনীতিতে আওয়ামী লীগের নতুন বয়ান তৈরি করা উচিত। যেমন-১/১১ পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপি তৎকালীন সময়ে ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। কিন্তু তারপর ক্ষমতায় ফেরার জন্য দলটি নতুন রাজনৈতিক বয়ান হিসাবে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন দর্শনের মূল ভিত্তি ৩১ দফা, ভিশন ২০৩০-সহ অনেক রূপরেখা সামনে নিয়ে এসেছে। 

তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছেন। গত ১৭-১৮ বছরে বিএনপি নেতিবাচক কোনো রাজনীতির চর্চা করেনি। খালেদা জিয়া কারামুক্ত হয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দেননি। এমনকি ক্ষমতায় এসে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান আওয়ামী বিদ্বেষমূলক কোনো কথা বলেননি।

বিশ্লেষকদের মতে, ২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন তখনই নিশ্চিত হয়েছিল, যখন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। অথচ বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ৯ মাস পার হয়েছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ বা আন্দোলনও গড়ে ওঠেনি। উল্টো আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ ও সহিংসতার কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। সেই আতঙ্ক আওয়ামী লীগের প্রতি কোনো জনসমর্থন প্রমাণ করে না। জনসমর্থন নির্ভর করে রাজনৈতিক অঙ্গীকার ও জনগণের আস্থার ওপর, যা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রতি এখনো নেই। তাছাড়া জুলাই আন্দোলনের ক্ষত এখনো শুকায়নি। হাসিনার গুম-খুনের কথাও মানুষ ভুলে যায়নি।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, ‘সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ তার অতীতের কর্মকাণ্ড আবারো জনগণের কাছে তুলে ধরেছেন। এখন সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ফ্যাসিবাদের সহযোগী যারা, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেয়া।’ 

তিনি বলেন, ‘বিএনপিসহ ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তাদের উচিত আইনশৃঙ্খলা বাহিনীর এই কাজকে রাজনৈতিকভাবে সমর্থন করা। একই সাথে, সাধারণ মানুষকে সচেতন করার জন্য উদ্যোগী কর্মসূচি নেয়া, যাতে মানুষ কোনো ফাঁদে পা না দেয় এবং সবাই একটু সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেন। জনজীবনে অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করার কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাই আপাতত সবার প্রধান দায়িত্ব।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘যারা এ ধরনের গণহত্যায় লিপ্ত হয়, পৃথিবীর ইতিহাস হলো তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যায়। জুলাই গণহত্যার মাধ্যমে তারা তাদের রাজনীতির কবর রচনা করেছে। জাতিসঙ্ঘসহ সারা বিশ্বের কাছে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসাবে পরিচিতি পেয়েছে। তাদের যতটুকু অবস্থান ছিল, সেটুকুও চলমান সহিংসতায় ধ্বংস করেছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে পথ বেছে নিয়েছে, সেটা সহিংসতার পথ। এ পথে ওরা রাজনৈতিকভাবে ফিরতে পারবে না, সেটা স্পষ্ট। তাদের ফিরতে হলে রাজনৈতিকভাবে ফিরতে হবে। কিন্তু গত আড়াই বছরে রাজনৈতিকভাবে ফেরার জন্য যে পলিটিক্যাল ইনিশিয়েটিভ দরকার সেটি তারা নেয়নি। ১৪-১৫ বছরের হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করা, অনুশোচনা করা, তার কিছুই তাদের মধ্যে নেই। এমনকি কোনো রাজনৈতিক বক্তব্যও নেই তাদের। এই পজিশনে তারা কোনোভাবেই ফিরতে পারবে না।’

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ ২৫ বছর দেশ শাসন করেছে, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কিন্তু ১৯৭৫-এ তাকে আন্তঃদলীয় সামরিক ক্যু এবং ২০২৪-এ অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারাতে হয়েছে। দুবারই আওয়ামী লীগের বিরুদ্ধে দলমতনির্বিশেষে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। ৭৫-এর পর আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতিতে ফিরতে ১৫-২০ বছর সময় লেগেছিল এবং সেটা ছিল এক ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরা।’ 

তিনি বলেন, ‘এবার তারা যে সহিংসতা ও নাশকতার মাধ্যমে ফিরতে চাচ্ছে তা খুবই ভয়ানক পথ। সন্ত্রাসবাদী দল হিসাবে তারা সাময়িক ভীতি তৈরি করতে পারলেও আমার মনে হয় না, এ পথে তারা রাজনৈতিক দল আকারে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে।’