ওয়াজ মাহফিলের হারানো ঐতিহ্যের সন্ধানে
ইসলামী দিগন্ত লোগো।

 মুফতি রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ

Advertisement

ওয়াজ ইসলামী দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তায়ালা বলেন, তোমরা আল্লাহর পথে আহ্বান করো, প্রজ্ঞা ও উত্তম ওয়াজের (উপদেশ) মাধ্যমে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে ‘ওয়াজ মাহফিল’ একটি দীর্ঘকালীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সাধারণ মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধের বিকাশ, নৈতিকতার উন্নয়ন এবং আধ্যাত্মিক চেতনার প্রসারে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক, ইউটিউব, টিকটক) কল্যাণে ওয়াজ মাহফিলের প্রচারের ধরন এবং বক্তাদের উপস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ঐতিহ্যগত তত্ত্বভিত্তিক আলোচনার স্থান অনেক ক্ষেত্রে দখল করেছে বিনোদনধর্মী উপাখ্যান, অযাচিত হাস্যরস এবং বিতর্কিত বক্তব্য। বেফাঁস মন্তব্য এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গি বর্তমানে জনমনে মিশ্র প্রতিক্রিয়া এবং নানামুখী বিতর্কের জন্ম দিচ্ছে।
মাহফিলের বিবর্তন ও বর্তমান প্রেক্ষাপট : অতীতে ওয়াজ মাহফিল ছিল মূলত শান্ত, সুশৃঙ্খল এবং গভীর জ্ঞানগর্ভ আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথিতযশা আলেমগণ কুরআন ও হাদিসের আলোকে মানুষের জীবনযাত্রাকে পরিশুদ্ধ করার আহ্বান জানাতেন। কিন্তু বর্তমান সময়ে মাহফিলগুলোতে এক ধরনের বাণিজ্যিকীকরণ ও সস্তা জনপ্রিয়তার প্রতিযোগিতা লক্ষ করা যায়। অনেক তরুণ বক্তা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কিংবা শ্রোতাদের ধরে রাখার জন্য উগ্র বাচনভঙ্গি, নাটুকে অঙ্গভঙ্গি এবং সুরের অতিরিক্ত ব্যবহার করছেন। এর ফলে ধর্মীয় গাম্ভীর্য নষ্ট হচ্ছে এবং মাহফিলের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
ইতিবাচক প্রভাব : বক্তাদের বিতর্কিত কিছু আচরণের বাইরেও সামগ্রিকভাবে ওয়াজ মাহফিলের সামাজিক ইতিবাচকতা অনস্বীকার্য :

  • ধর্মীয় সচেতনতা বৃদ্ধি : সাধারণ মানুষ, যারা প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত, তারা সহজে দ্বীনের মৌলিক বিষয়গুলো (যেমন : ঈমান-আকিদা, নামাজ, রোজা, সততা, সত্যবাদিতা, পিতা-মাতার প্রতি দায়িত্ব) জানতে পারে।
  • সামাজিক অপরাধ প্রবণতা হ্রাস : মাদকাসক্তি, ইভটিজিং, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে বক্তাদের জোরালো বক্তব্য অনেক যুবসমাজকে সঠিক পথে ফিরে আসতে উদ্বুদ্ধ করে।
  • ঐতিহ্য ও মেলবন্ধন : ওয়াজ মাহফিল এ দেশের হাজার বছরের জাতীয় ঐতিহ্য। প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ মাহফিল গ্রামীণ অর্থনীতিতে গতি আনে এবং মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক মেলবন্ধন দৃঢ় করে।
  • নেতিবাচক প্রভাব : সম্প্রতি ওয়াজ মাহফিলে কুরআন ও সুন্নাহর সঠিক ও সার্বজনীন ব্যাখ্যা এবং ইসলামের উদার মানবিকতা, শান্তি শৃঙ্খলার অমীয় বাণী প্রচারের পরিবর্তে বক্তাদের বেফাঁস মন্তব্য, অযাচিত অঙ্গভঙ্গি ও সঙ্কীর্ণ দলীয় পক্ষপাতদুষ্ট অপব্যাখ্যার কারণে সমাজে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ছে।
  • ধর্মীয় গাম্ভীর্য ও মর্যাদা হানি : অতিরিক্ত চিৎকার, শারীরিক কসরত বা কমেডিয়ানদের মতো অঙ্গভঙ্গির কারণে সাধারণ মানুষের কাছে ধর্মীয় আলোচনার পবিত্রতা ও গাম্ভীর্য ক্ষুণœ হচ্ছে।
  • সামাজিক বিভাজন ও উগ্রতা : ভিন্ন মতাবলম্বী বা অন্যান্য মাযহাব-ফেরকার প্রতি কাদা ছোড়াছুড়ি এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ফলে ধর্মীয় সহনশীলতা নষ্ট হচ্ছে এবং সমাজে উগ্রতার সৃষ্টি হচ্ছে। 
  • ভুল তথ্যের প্রসার ও বৈজ্ঞানিক অপব্যাখ্যা : অনেক সময় বক্তারা কোনো নির্ভরযোগ্য উৎস ছাড়াই দুর্বল বা জাল হাদিস, অলৌকিক কেচ্ছা-কাহিনী এবং অবৈজ্ঞানিক তথ্য প্রচার করেন, যা শিক্ষিত ও তরুণ সমাজকে বিভ্রান্ত করছে।
  • নারীবিদ্বেষ ও লিঙ্গ বৈষম্য : ইসলাম নারী জাতির ইজ্জত সম্মান মর্যাদা সমুন্নত করেছে। পশ্চিমারা নারীর স্বাধীনতা ও অধিকারের নামে নারীদের পণ্যে পরিণত করেছে। নারীদের সেসব অযাচিত অধিকারের গঠনমূলক আলোচনার চেয়ে তাদের প্রতি কটূক্তি বা নেতিবাচক উপমা ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে নারী জাতির ব্যাপারে ইসলামের ন্যায়সঙ্গত ও যৌক্তিকতা পূর্ণ অবস্থান সত্ত্বেও আধুনিক নারী সমাজের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টি হচ্ছে।
  • ট্রোল সংস্কৃতি ও সাইবার বুলিং : বক্তাদের মজার অঙ্গভঙ্গি বা বেফাঁস মন্তব্য কেটে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা মিম (গবসব) বানানো হচ্ছে। এর ফলে অমুসলিম বা ধর্মবিমুখ মানুষের কাছে ইসলাম ধর্মকে হাসির পাত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
  • জনগণের ঐক্য ও সম্প্রীতিতে ফাটল : একটি বহু-সাংস্কৃতিক ও বহু-ধর্মীয় সমাজে ওয়াজের মঞ্চ থেকে অন্যের দল ও অনুসারীদের নিয়ে রাজনৈতিক আক্রমণাত্মক বক্তব্য; অমুসলিম সংখ্যালঘু ও প্রগতিশীল জনগোষ্ঠীর ধর্ম ও দর্শন নিয়ে ভুল তথ্য, অপর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়াই অযাচিত মন্তব্যের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। ফলে তৈরি হচ্ছে দূরত্ব। 
  • ইসলামের ভুল উপস্থাপন : আধুনিক শিক্ষিত সমাজ এবং অমুসলিমদের কাছে ইসলামের একটি অনুদার ও রাজনৈতিকভাবে আক্রমণাত্মক চিত্র উপস্থাপিত হচ্ছে, যা প্রকৃত ইসলামের উদার ও শান্তির বাণীর সম্পূর্ণ বিপরীত। ফলে অমুসলিম ও প্রগতিশীল সমাজের সাথে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে।
  • ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার : বক্তারা অনেক সময় নিজেদের রাজনৈতিক স্বার্থ বা দলের অবস্থানকে বৈধতা দিতে ধর্মীয় বাণীর খণ্ডিত বা ভুল ব্যাখ্যা উপস্থাপন করেন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং রাজনীতিকে ধর্মের সমার্থক মনে করতে শুরু করে। এভাবে ওয়াজ মাহফিলের মতো সর্বজনীন ধর্মীয় ফোরামের মাধ্যমে ধর্মের রাজনৈতিকীকরণ ও অপব্যবহার হচ্ছে।
  • অন্য মতাদর্শকে ‘ধর্মদ্রোহী’ আখ্যা দেয়া : রাজনৈতিক বিরোধিতার কারণে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে সরাসরি ‘ইসলামের শত্রু’ বা ‘কাফের’ বলে ফতোয়া দেয়ার প্রবণতা দেখা যায়। এ ধরনের ফতোয়াবাজি সমাজে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে।
  • ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য মানুষের ইহকালীন নৈতিকতা ও পরকালীন মুক্তি। সেখানে যখন দলীয় রাজনীতি বা রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি স্থান পায়, তখন মাহফিলের আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হয় ।

 

উত্তরণের উপায় ও সুপারিশ : ঐতিহ্যগতভাবে ওয়াজ মাহফিল হলো মানুষের আধ্যাত্মিক ও নৈতিক চরিত্র সংশোধনের মঞ্চ। ওয়াজ মাহফিলের এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং এর নেতিবাচকতা দূর করতে নি¤œলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি :
১. বক্তাদের যোগ্যতা নির্ধারণ : বক্তাদের অবশ্যই স্বীকৃত ইসলামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর জ্ঞানসম্পন্ন এবং হাদিস ও তাফসির শাস্ত্রে দক্ষ হতে হবে।
২. প্রশিক্ষণ ও সচেতনতা : আলেমদের বাচনভঙ্গি, আধুনিক সমাজবিজ্ঞান এবং মনস্তত্ত্বের ওপর প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা বুঝতে পারেন কোনো বক্তব্য সমাজের ওপর কেমন প্রভাব ফেলবে।
৩. আয়োজক কমিটির দায়িত্বশীলতা : সমাজ সংস্কারে ভূমিকা রাখতে পারেন এমন প্রকৃত জ্ঞানীদের মাহফিলে আমন্ত্রণ জানানো উচিত।
৪. নীতিমালা প্রণয়ন : ধর্মীয় স্বাধীনতা অক্ষুণœ রেখে মাহফিলের বক্তব্য যাতে উগ্রবাদ বা মানহানিকর না হয়, সে বিষয়ে আলেম সমাজের সমন্বয়ে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা বা গাইডলাইন তৈরি করা প্রয়োজন। ওই নীতিমালার আলোকে আল্লাহভীরু আলেম সমাজের সমন্বয়ে একটি কমিটি গঠন করে জেলাভিত্তিক উপযুক্ত বক্তাদের তালিকা প্রকাশ করা। মাহফিল আয়োজক কমিটিকে কেবলমাত্র তালিকাভুক্ত বক্তাদের মধ্যে পছন্দমতো বক্তা দাওয়াত দিতে বাধ্য করা। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ওয়াজ করবেন শাসক অথবা শাসক কর্তৃক নিযুক্ত ব্যক্তি অথবা অহংকারী ব্যক্তি। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা নিযুক্তি ব্যতিরেকে কেউ ওয়াজ করলে অহংকারী ও অপরাধী হিসেবে বিবেচিত হবে। ওয়াজ মাহফিল কেবল একটি ধর্মীয় জমায়েত নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। বক্তাদের মুখের ভাষা এবং শারীরিক অঙ্গভঙ্গি শ্রোতাদের মনস্তত্ত্বে গভীর রেখাপাত করে। তাই সাময়িক সস্তা জনপ্রিয়তা বা ভিউ পাওয়ার লোভ বিসর্জন দিয়ে বক্তাদের আরো সংযত, মার্জিত ও প্রাজ্ঞ হওয়া প্রয়োজন। একই সাথে ওয়াজ মাহফিলকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা অত্যন্ত জরুরি। বক্তাদের উচিত সামগ্রিকভাবে রাষ্ট্রের ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং জনগণের অধিকারের মতো জনকল্যাণমূলক ও সামষ্টিক বিষয়ে নৈতিক দিকনির্দেশনা দেয়া। গঠনমূলক, তথ্যভিত্তিক এবং যুক্তিগ্রাহ্য আলোচনার মাধ্যমেই কেবল ওয়াজ মাহফিলের প্রকৃত সৌন্দর্য ও কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব। 
লেখক : মুহতামিম ও শায়খুল হাদিস জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া সিরাজনগর কেরানীগঞ্জ