
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের পথ প্রশস্ত করতে সরকারি ব্রিজের গার্ডওয়াল ও রেলিং ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসির বিরুদ্ধে। তিনি স্থানীয় পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজের এমপিওভুক্ত শিক্ষকও। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, গতকাল ভোরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের পথ প্রশস্ত করতে দোকানের সামনের এলজিইডির একটি ব্রিজের গার্ডওয়াল ও রেলিং ভেঙে ফেলেন চেয়ারম্যান আলমগীর হোসেন। এতে সরকারি অবকাঠামোর ক্ষতির পাশাপাশি ওই স্থানে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন। তারা বলেন, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
অভিযুক্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








