স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত পরিচয়ে ফায়ার সার্ভিসে চাকরি

 এম. আইউব যশোর অফিস

Advertisement

যশোরে স্ত্রী ও সন্তান থাকার তথ্য গোপন করে অবিবাহিত পরিচয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চালক পদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি সদর উপজেলার কামারগন্যা গ্রামের আব্দুল্লাহর ছেলে।
ফায়ার সার্ভিসের ২০২৬ সালের ৬ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চালক পদে আবেদনের শর্ত হিসেবে প্রার্থীকে অবিবাহিত থাকার কথা উল্লেখ করা হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন ও রুবেলের বাবা জানিয়েছেন, তিনি বিবাহিত এবং তার দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীর নাম জুঁই।
স্থানীয় ইউপি সদস্য সাহাবার হোসেন ও মহিলা সদস্য শিখা বেগম রুবেলের বিবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শিখা বেগম জানান, তিনি রুবেলকে চারিত্রিক ও নাগরিক সনদ দিয়েছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে রুবেলের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে অন্য প্রান্ত থেকে নিজেকে তার ছোট ভাই পরিচয় দিয়ে একজন কথা বলেন। পরে রুবেলের নম্বর চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান বলেন, নিয়োগের ক্ষেত্রে অবিবাহিত থাকা বাধ্যতামূলক। এ শর্তের ব্যত্যয় ঘটলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।