গ্রামীণফোনের রিটেইল স্টোরে বাংলা কিউআর পেমেন্ট চালু

 

Advertisement

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সাথে অংশীদারত্বে নিজস্ব ব্র্যান্ডেড রিটেইল স্টোরে ‘বাংলা কিউআর’ পেমেন্ট-ব্যবস্থা চালু করেছে শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর ফলে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধ করতে পারবেন।
বুধবার গুলশান গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান। এ ছাড়া এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এই সেবা পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ ভিশনের আওতায় এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম জোরদার করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ডেপুটি গভর্নর বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হলো প্রযুক্তিগত উদ্ভাবন। ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে গ্রামীণফোনের এই পদক্ষেপ প্রশংসনীয়।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এই সেবার ফলে গ্রাহকদের নগদ ও ভাঙতি টাকার ওপর নির্ভরতা কমবে। অন্য দিকে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে দৈনন্দিন লেনদেন আরো সহজ ও সুবিধাজনক হবে। দৈনিক এক কোটি লেনদেনের জাতীয় লক্ষ্য অর্জনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।