সংক্ষিপ্ত সংবাদ


সালথায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Advertisement

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল সাড় ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের মো: নাজমুল খানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির আশপাশে থাকার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে অচেতন হয়ে পড়ে নাহিদ। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। আদরের সন্তানকে হারিয়ে মা-বাবা এখন শোকে পাগলপ্রায়। আট বছর বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মোল্যা। নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা।

৭২ সংগঠক-স্বেচ্ছাসেবককে সম্মাননা

ফেনীতে ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক পরিবার। এ ছাড়া পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এক হতদরিদ্রকে একটি অটোরিকশা দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে শহরের মিড টাউন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। আয়োজক কমিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও ওসমান গনি রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেড ক্রিসেন্ট ফেনীর সেক্রেটারি সালাউদ্দিন মামুন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘স্বেচ্ছাসেবক পরিবার নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনগুলো অনেক মানবিক কাজ করছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব। ফেনী অফিস।

২ কলেজে পাসের হার শূন্য

কুষ্টিয়ার দু’টি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার শূন্য। কুমারখালীর জগন্নাথপুর আইডিয়াল কলেজে তিনজন পরীক্ষার্থীর মধ্যে দু’জন অনুপস্থিত ছিলেন, আর বাকি একজন অংশ নিয়েও ফেল করেছেন। অপরদিকে মিরপুর উপজেলার হাজী নুরুল ইসলাম কলেজে ১৫ জনের মধ্যে সাতজন অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষা দেয়া আটজনের সবাই ফেল করেছেন। শিক্ষার্থী সঙ্কট থাকলেও প্রতিষ্ঠান দু’টিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক রয়েছেন। দীর্ঘ ২৬ বছর ধরে এমপিওভুক্ত না হওয়া হাজী নুরুল ইসলাম কলেজের শিক্ষক সংখ্যা ১৩। জগন্নাথপুর আইডিয়াল কলেজের অধ্যক্ষ মজিবর রহমান ও হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম পরীক্ষা বিপর্যয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। যশোর বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ২২৮ জন। শিক্ষার্থী ঝরে পড়া ও শিক্ষার নিম্নমান নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি।

গোপালপুর টেকনিক্যালে সবাই অকৃতকার্য

টাঙ্গাইলের গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া পাঁচজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। অথচ বর্তমানে ২০ জন শিক্ষক কর্মরত রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছে প্রায় ২০০। এইচএসসির ফল প্রকাশের পর এমন শতভাগ অকৃতকার্যের চিত্র দেখে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরীক্ষা দেয়া পাঁচজনের মধ্যে চারজন নিয়মিত ও একজন অনিয়মিত শিক্ষার্থী ছিলেন। একটি সরকারি প্রতিষ্ঠানে ২০ জন শিক্ষক থাকার পরও একজন শিক্ষার্থীও পাস করতে না পারায় ক্ষুব্ধ এলাকাবাসী। কলেজের এই হতাশাজনক ফলাফলে বিস্ময় প্রকাশ করে গোপালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ আক্তার বলেন, এই ফলাফল আমাদের অত্যন্ত হতাশ করেছে, এমনটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।

ইবিতে প্রশাসনের মতবিনিময়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বরের কর্মসূচি উদযাপনের প্রস্তুতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার দুপুরে প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিবস পালন কমিটির আহ্বায়ক ও প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন। সভাটি ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের নির্দেশনায় আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো: সাহেদ হাসান। সভায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিট, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও খেলাফত মজলিসের নেতারা উপস্থিত থেকে কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে পারস্পরিক সহযোগিতা ও সর্বাত্মক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। ইবি প্রতিনিধি।

ফসলি জমিতে মাটি কাটায় জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি জমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে জসিম উদ্দিন (২৫) নামের এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জসিম আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামের মো: আশরাফুল ইসলামের ছেলে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ও সোহাগী বাজারসংলগ্ন বিলে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।

২ লাখ টাকার শিক্ষা অনুদান

চট্টগ্রামের বাঁশখালীতে ‘দি অপটিমিস্টস’-এর উদ্যোগে ১৫ জন স্কুল শিক্ষার্থী ও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মোট দুই লাখ সাত হাজার টাকার শিক্ষা অনুদান দেয়া হয়েছে। গত সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুহুল আমিন। এতে সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নের পাঁচটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং চবির এক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, দি অপটিমিস্টসের এই মানবিক পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। অনুদানের এই টাকা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা মছনিয়াকাটা এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমেদ (৭৫ ) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালের  দিকে  এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়ার পহরচাঁদা থেকে রশিদ আহমেদ রেললাইনের ওপর দিয়ে হেঁটে মেয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। পরে সংগ্রহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত রশিদ আহমেদ পহরচাঁদার দক্ষিণ  পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা।