দেশী-বিদেশী গোয়েন্দা জড়িতের সন্দেহ দীপ ফের ৩ দিনের রিমান্ডে

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যা মামলায় চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার নিহতের ‘বন্ধু স্থানীয় ছোটভাই’ ও প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: হাসান শাহাদাতের আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে প্রকাশ্যেই সন্দেহ প্রকাশ করা হয়েছে যে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো দেশী বা বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে। 
ঘটনার তদন্ত ও রিমান্ড শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার আলোচিত ভিডিওটি ধারণ করেছিলেন এই তাহসিফ সাউরি। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও আজিজুল হক  দিদার আদালতে অভিযোগ করেন, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেয়ার জের ধরে বা কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দেশী কিংবা বিদেশী কোনো গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ মামলায় ইতোমধ্যেই তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে তাহসিফের ‘বান্ধবী’ জেরিকা তাসনিম দিশাকেও ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্য দিকে মূল আসামি দীপ রিমান্ডে বেশির ভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ায় এবং অসংলগ্ন তথ্য দেওয়ায় তাকে নতুন করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে নৌপুলিশ ও পিবিআই।
আদালতে পেশ করা সিসিটিভি ফুটেজ ও তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ফোনেই প্রথম বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ তাহসিফ, তার তরুণী বান্ধবী জেরিকা তাসনিম দিশা (১৯) এবং দীপ প্রবেশ করেন। ফুটেজে দেখা যায়, সেখানে তারা লিফটের জন্য অপেক্ষা করেন এবং প্রায় দেড় ঘণ্টা সময় কাটান। সেখান থেকে রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান এবং পরে তুরাগ তীরের মাঠে অবস্থান নেন। সেখান থেকেই তাহসিফ নিখোঁজ হন এবং তার লাশ তুরাগ নদে ভেসে ওঠে, অথচ তার সাথে থাকা দীপ পুরো বিষয়টি গোপন রাখেন এবং পুলিশ বা পরিবারকে কিছুই জানাননি। 
এ দিকে গতকাল মঙ্গলবার রিমান্ড শুনানির শুরুতেই এজলাসে উপস্থিত সাংবাদিকদের দেখে সংক্ষুব্ধ হন বিচারক মো: হাসান শাহাদাত। তিনি পুলিশকে নির্দেশ দিয়ে বলেন, আদালতের মধ্যে সাংবাদিকরা কেন? আপনারা কি ভেতরে ঢুকতে পারেন? সব ক্লিয়ার করেন, কেউ থাকবে না ভেতরে। উন্মুক্ত আদালতে সাংবাদিকদের প্রবেশের ওপর বিচারকের এই সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে আইনজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে পুলিশ তাহসিফ সাউরির ভাসমান লাশ উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ ঘটনায় গত ৩১ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদি হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।