
মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) বিষয়টিও গুরুত্ব পায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে আগামী ২৬ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য সংস্থাটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাউন্সিলের বৈঠককে আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় মালদ্বীপের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের প্রশংসা করেন বাংলাদেশের হাইকমিশনার।
সাক্ষাতে ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেন।
ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘দুই দেশের ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
মালদ্বীপে বাংলাদেশী নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার। একইসাথে মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাতে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









