
খুলনা ব্যুরো
খুলনার মহেশ্বরপাশা-মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনসহ তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকরা গতকাল খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন । সকাল সাড়ে ৯টা থেকে ২ ঘন্টা চলা এ অবরোধে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় এক বিএনপি নেতার মধ্যস্থতায় অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। তবে শ্রমিকরা সভাপতিকে মুক্তি দেয়া না হলে আবারো অবরোধের হুঁশিয়ারি দেন।
এ ছাড়া গ্রেফতারের প্রতিবাদে সকাল থেকে মানিকতলা খাদ্য গুদামে সব ধরনের পণ্য ওঠানামা (লোড-আনলোড) বন্ধ রাখেন শ্রমিকরা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাদ্য গুদামের সাইলো থেকে দুই ট্রাক গম কোনো ইনভয়েস ছাড়াই গেট দিয়ে বের করার হচ্ছিল। এ সময় সাইলো কর্তৃপক্ষ ট্রাক দু’টি আটক করে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো: আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল সকালে এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। পরে দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








