রাসিকে স্বকর্মসংস্থানে প্রান্তিক নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

রাজশাহী ব্যুরো 
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় দারিদ্র্য দূরীকরণ ও স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২০ জন নির্বাচিত প্রান্তিক উপকারভোগীর মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ড (ব্যবসায়িক ভ্যান) বিতরণ করা হয়েছে। সোমবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন সুবিধাভোগীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
ইউএনডিপি ও চায়না আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থার (সিডকা) সহযোগিতায় ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসবি) প্রকল্পের অধীনে এই আয়োজন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ উপকারভোগীর মধ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে ব্যবসায়িক ভ্যান দেয়া হয়। বিতরণ করা এসব কম্পিউটার ও সেলাই মেশিন প্রদানের আগে তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক জানান, বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এই উদ্যোগ নেয়া হয়েছে, যা ভবিষ্যতে ৩০টি ওয়ার্ডেই সম্প্রসারণ করা হবে। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকা এবং জাতীয় যুব দিবসে নতুন স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত করা এবং সেখানে থাকা ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ চলমান রয়েছে বলেও তিনি জানান।

Advertisement