
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেছেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বহুত্ববাদ এবং স্বাধীন সংবাদমাধ্যম একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে। স্বাধীনতার এত বছর পরও জাতীয় সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের শিক্ষা ধারণ করে যেকোনো আধিপত্যবাদী তৎপরতা, ষড়যন্ত্র এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সচেতন থাকতে হবে। তিনি ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের গৃহীত কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গতকাল বিকেলে নগরীর নাসিমন ভবনের চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে জাতীয় জীবনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ ৭ নভেম্বর। সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, সেই ইতিহাস ও চেতনাকে ধারণ করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সভায় চার দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্বনির্ধারিত চার দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ৫ নভেম্বর বর্ণাঢ্য র্যালি। এ উপলক্ষে বেলা ৩টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এ ছাড়া ৬ নভেম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে। ৭ নভেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কর্মসূচির শেষ দিনে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








