
লালমনিরহাট প্রতিনিধি
দেশে মাদক কারবারের সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, মাদক ব্যবসার সাথে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মাদকসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তাদের কেউ কেউ দল থেকেও বহিষ্কৃত হয়েছেন।
মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও দেশে মাদক প্রবেশ করছে। এর পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোনো কোনো মহলের পৃষ্ঠপোষকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। মাদক নির্মূলে সরকারের কার্যকর সদিচ্ছার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকে আসক্ত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদকাসক্তির বিস্তার অব্যাহত থাকলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মাদক সিন্ডিকেটের শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে শিবির সভাপতি বলেন, মাদক শুধু উত্তরাঞ্চল বা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের সমস্যা নয়। মিয়ানমার ও ভারত সীমান্ত দিয়ে ইয়াবা, আইসসহ ভয়ংকর মাদক দেশে প্রবেশ করছে। অথচ মাদক কারবারের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে অনেক ক্ষেত্রে শুধু খুচরা বিক্রেতাদের আটক করা হচ্ছে।
এ সময় ঢাকায় ইশরাকের মাদকবিরোধী অভিযান এবং এর পরদিন তার মন্ত্রিত্ব হারানোর প্রসঙ্গ তুলে সাদ্দাম বলেন, মাদক সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে একজন মন্ত্রীকেও সরিয়ে দেয়ার ক্ষমতা রাখে। মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই ইশরাককে মন্ত্রিত্ব হারাতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের স্থান নির্ধারণ নিয়েও অভিযোগ করেন শিবির সভাপতি। তিনি বলেন, কর্মসূচিটি লালমনিরহাট সরকারি কলেজের হলরুমে আয়োজনের পরিকল্পনা থাকলেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তার দাবি, ক্ষমতাসীন দলের রাজনৈতিক সঙ্কীর্ণতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাত্রশিবিরের প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নিয়েও কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। তার মতে, দীর্ঘদিনের শিক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং প্রকৃত শিক্ষার পরিবর্তে ফলাফলনির্ভর মানসিকতা এ পরিস্থিতির জন্য দায়ী। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক, আধুনিক ল্যাব, প্রশিক্ষণ ও ভাষাশিক্ষার সুযোগের অভাবে শিক্ষার মান কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছাচ্ছে না। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে শিক্ষা খাতে জিডিপির ৫ থেকে ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের ১৫ থেকে ১৬ শতাংশ বরাদ্দ প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৩০ দফা দাবি জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, সাবেক জেলা আমির আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, লালমনিরহাট সরকারি কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








