
নিজস্ব প্রতিবেদক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ব্যবহার, ব্যবসা-বাণিজ্যে এর সম্প্রসারণ এবং দেশীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারের সাথে যুক্ত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আগামী ৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সামিট অনুষ্ঠিত হবে। এতে এআইভিত্তিক দেশী-বিদেশী ১৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ব্যবসায়িক সম্ভাবনা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের উদ্যোগ নেয়া হয়েছে।
চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে এ আয়োজনের উদ্যোগ নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’।
গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সামিটের প্রাক-প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, চলমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটছে। এ বাস্তবতায় মানুষ, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিয়ে সামিটের মূল দর্শন নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিসিসিআইয়ের যৌথ উদ্যোগ দেশের শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্বশীল এআই প্রযুক্তির রূপান্তর এবং একটি টেকসই এআই ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আর্থিক সেবা ও যোগাযোগ খাতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ জন্য দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কার্যকর নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সহায়তা প্রদান, শিক্ষা কার্যক্রম যুগোপযোগীকরণ এবং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাসকীন আহমেদ জানান, সামিটে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি বিষয়ভিত্তিক তিনটি অধিবেশন এবং ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির লক্ষ্যে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশনের আয়োজন করা হবে। পাশাপাশি ‘এআই বিজনেস এক্সপো’ শীর্ষক প্রদর্শনীতে এআইভিত্তিক দেশী-বিদেশী প্রতিষ্ঠানের ১৫০টি স্টলে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








