ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তি বাড়াচ্ছে কোয়াড

দ্য ডিপ্লোম্যাট
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব ও সহযোগিতা বাড়াতে ২০২৬ সালে নতুন গতি পেয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার চার দেশীয় জোট কোয়াড। বছরজুড়ে তিন দফা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথ অগ্রাধিকার নির্ধারণ, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে।
আগামী মাসে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনের আগে জোটটির কার্যক্রমে এই গতি বিশেষ তাৎপর্য বহন করছে। চলতি বছরের মে মাসে নয়াদিল্লি, জুলাইয়ে ম্যানিলা এবং ৩১ অক্টোবর আটলান্টায় কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। এসব বৈঠকে জোটের কার্যক্রম আরো সুসংহত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর ভূমিকা স্পষ্ট হয়েছে। আটলান্টার সর্বশেষ বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ বাড়াতে ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি কারিগরি ও আর্থিক সহায়তার পরিকল্পনা ঘোষণা করা হয়।
পাশাপাশি ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোতে বর্জ্য থেকে গুরুত্বপূর্ণ খনিজ পুনরুদ্ধারের অবকাঠামো গড়ে তুলতে এক কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করতেও জোটটি কাজ করছে। মে মাসে নয়াদিল্লির বৈঠকে ‘কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ ঘোষণা করা হয়। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। জুলাইয়ে ম্যানিলার বৈঠকে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকার প্রতি সমর্থন জানায় কোয়াড। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, উদীয়মান প্রযুক্তি এবং মানবিক সহায়তার মতো বিষয়ে আসিয়ানের সাথে সমন্বয়ের অঙ্গীকারও করা হয়।

Advertisement