
সিলেট ব্যুরো
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে অস্থিরতা সৃষ্টি, চাঁদাবাজি, মাস্তানি ও জমি দখলের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সোমবার সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার নিরলস কাজ করলেও পরাজিত ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায় থেকে উসকানি ও অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে শ্রমিকদের রাস্তায় নামিয়ে অস্থিতিশীলতা তৈরির পেছনে পতিত শক্তির ইন্ধন রয়েছে উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেয়া হয়েছে, যার ফলে বিদ্যুৎ, সার ও গ্যাসের সরবরাহ দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে বিএনপি ১৭ বছরের লড়াইয়ের ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনা করছে।
জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, মাত্র আট মাসের একটি সরকার যখন দেশ পুনর্গঠন ও আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিতে কাজ করছে, তখন ‘বিপ্লবের’ নামে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশে পেছনের দরজা দিয়ে বা চোরাপথে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই; জনগণ কেবল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচন করবে। সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসী সচেতন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কায়য়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার ওপর জোর দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় সংসদ সদস্য এম এ মালিক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








