
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটে দাপুটে জয় ক্যারিবীয় শিবিরে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। চার দিনের লড়াইয়ে মিরপুরে স্বাগতিকদের কার্যত কোণঠাসা করে ফেলা দলটি এবার সিলেটে সিরিজ শেষ করতে চায় পূর্ণ সাফল্যে। বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে উইন্ডিজ।
আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এক দিকে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সমতায় ফেরার লড়াই, অন্য দিকে জয় ধরে রেখে সিরিজে পূর্ণতা আনার প্রত্যয়। বাংলাদেশের জন্য এটি ঘুরে দাঁড়ানোর পরীক্ষা, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রতিপক্ষের মাঠে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ।
লক্ষ্যটা সহজ নয়, সেটি ভালোই জানেন ক্যারিবীয় প্রধান কোচ ড্যারেন সামি। বাংলাদেশের মাটিতে টেস্ট জেতা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তার ওপর ঘরের মাঠে সবশেষ সাত টেস্টের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে টাইগাররা। বাংলাদেশ পাঁচে, আর ক্যারিবীয়রা আট নম্বরে।
অবশ্য পরিসংখ্যান কিংবা প্রতিপক্ষের মাঠের রেকর্ড কোনোটিই আপাতত ভাবাচ্ছে না সামিকে। মিরপুরে ফ্লাডলাইট সমস্যা এবং বৃষ্টির প্রতিকূলতা ডিঙ্গিয়েও পাওয়া জয়ই বড় শক্তি। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই সিলেটে নামতে চায় তার দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে ভিডিও বার্তায় জানিয়েছেন। বাংলাদেশ সফরে আসার পর থেকেই আমাদের লক্ষ্য পরিষ্কার। বছরটি ভালো ফল দিয়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ।’
তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ক্যারিবীয় কোচ। কারণ বাংলাদেশের ক্যারিবীয় কোচ ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজেরই সাবেক খেলোয়াড়। টাইগারদের কোচ হিসেবে তিনিও সফল। সামির মতে, ‘ফিল সিমন্সের জন্য কাজটা কঠিন হবে। তিনিও জিততে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে আমার দলের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে, তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে বদ্ধপরিকর।’
বাংলাদেশের মাটিতে সিরিজ জয়কে আলাদা করে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। জানান, ‘এই সফরে কী অপেক্ষো করছে, সে বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ দল পুরোপুরি সচেতন। বার্বাডোজে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার সময় যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, আমরা নির্ধারিত সে লক্ষ্য অর্জন করতে উন্মুখ হয়ে আছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








