চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এক দিনে গ্রেফতার ৮৭৯

 চট্টগ্রাম ব্যুরো

Advertisement

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এক দিনে ৮৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয়েছেন ৪৪৯ জন। তাদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার দুপুরে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী  অভিযানে ১২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশী মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়েছে।
 গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতার ৬৭ জনের মধ্যে দু’জন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরো ৫৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে। অন্য দিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দু’জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দু’জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দু’জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, কক্সবাজারে ১৭, ফেনীতে ১৫, রাঙ্গামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।