
সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়। এ লক্ষ্যে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত কমিটি। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা এবং অপচয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কমিটির সদস্য মো: আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো: সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








