
নিজস্ব প্রতিবেদক
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার গতি বাড়াতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালু এবং ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাইজ করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়িয়ে ভূমিসংক্রান্ত সেবা আরো জনবান্ধব ও ত্রুটিমুক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গতকাল সোমবার ভূমি ভবন পরিদর্শনকালে কমিটির পক্ষ থেকে এসব সুপারিশ করা হয়। পরিদর্শনে নেতৃত্ব দেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান এমপি। পরিদর্শনকালে কমিটির সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সুলতানা আহমেদ ও মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিস ইলেকট্রনিক পদ্ধতিতে সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে ভূমিসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে। তবে ভূমিসংক্রান্ত সেবার কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি।
কমিটি রেকর্ড সংশোধন ও হালনাগাদকরণ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর এবং রেন্ট সার্টিফিকেট মামলাসহ ভূমিসংক্রান্ত সব সেবা দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে।
পরিদর্শনকালে কমিটির সভাপতি একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি ভূমি ব্যবস্থাপনায় চলমান অটোমেশন সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট সব অফিসের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখার পরামর্শ দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








