রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলার স্যাটেলাইট ভিউ
রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলার স্যাটেলাইট ভিউ। সংগৃহীত
ads

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘লিবিয়ার একটি বন্দরে সাতটি নৌ-ড্রোনের হামলায় রাশিয়ার ‘মারকুরি’ নামের একটি করভেট (ছোট যুদ্ধজাহাজ) ডুবিয়ে দিয়েছে ইউক্রেন।’

তিনি বলেন, ‘এর কিছুক্ষণ আগেই ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সাথে যুক্ত একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) এই কথা বলেছেন জেলেনস্কি।

জেলেনস্কি জানান, রোববার লিবিয়ার উপকূলে আরো একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সেটি হলো রাশিয়ার ‘এমভি আঙ্গারা’ নামের একটি কার্গো জাহাজ। তার ভাষ্যমতে, রাশিয়া ওই জাহাজটি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করত।

তিনি আরো জানান, ওই যুদ্ধজাহাজটির সাথে রাশিয়ার একটি ‘কা-২৭’ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। তবে এই ঘটনাগুলোর বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জানিয়েছে, রোববার বেনগাজি নৌ-ঘাঁটিতে নোঙর করা অবস্থায় ‘মারকুরি’ জাহাজটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে।

তাদের ভাষ্য অনুযায়ী, একটি সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য জাহাজটি সেখানে থেমেছিল।

পূর্বাঞ্চলীয় সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, তিনি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে এই ঘটনার তদন্তের অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে কি-না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি, লিবিয়ায় ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি-না, তা যাচাই করা এবং কিয়েভের কাছে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া দরকার।’

এর আগে, শনিবার ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার ‘স্পার্টা-২’ নামের একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা লজিস্টিকস কোম্পানি ‘ওবোরনলজিস্টিকা’ পরিচালনা করত।

এই হামলার বিষয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি। তবে ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভবত ইউক্রেনই এই হামলা চালিয়েছে।

হামলার শিকার ‘স্পার্টা-২’ জাহাজে থাকা ১৬ জন ক্রু সদস্যকেই নিরাপদে সরিয়ে নিকটস্থ একটি রুশ জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।

হামলার পর ‘স্পার্টা ২’ জাহাজটি ভেসে ফিনিশ জলসীমায় চলে যায়। পরে রুশ, এস্তোনীয় ও ফিনিশ নৌযান আগুন নেভানোর কাজ চালায় এবং রোববার একটি রুশ জাহাজ সেটিকে টেনে নিয়ে যায়।

সূত্র : রয়টার্স