
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে শহরে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা এবং ইট দিয়ে শিশুটির নাক-মুখ থেতলে দেয়ার মামলায় অভিযুক্ত বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে স্থানীয় লোকজন বিপ্লবকে আটক করে গণধোলাই দেয়। বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে। অন্য দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, শহরের পার্ক বাজার এলাকা থেকে রোববার বেলা ১২টার দিকে বিপ্লবকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
এ দিকে শনিবার রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল সদর আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর আশ্বাসসহ তার চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন তিনি।
টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: আব্দুল কুদ্দুস বলেন, রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ীর চতুর্থ তলায় চীপসের লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বিপ্লব। এতে শিশুটি বাধা দিলে বিপ্লব তাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








