ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেননি কেউ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি কলেজের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত শনিবার (৩১ অক্টোবর) ঘোষিত ফলাফলে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের মোট ৩৮ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। এমন ফলাফলে চরম হতাশা তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সদরের সালন্দর মহিলা কলেজের সাতজন ও কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজের ৯ জন; বালিয়াডাঙ্গীর হরিণমারী স্কুল অ্যান্ড কলেজের ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজের একজন ও রতœাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের একজন; পীরগঞ্জের একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুইজন; এবং রানীশংকৈলের ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজের দুইজন, গোগড় কলেজের দুইজন ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজের দুইজন শিক্ষার্থী ছিলেন।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার ঠাকুরগাঁওয়ে পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ। মোট ৯ হাজার ৮৫৭ জন অংশ নিয়ে পাস করেছেন চার হাজার ৪৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, প্রতিষ্ঠানগুলো নন-এমপিওভুক্ত। এই ফল বিপর্যয়ের কারণ তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

Advertisement