
নিজস্ব প্রতিবেদক
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে গতকাল এ আদেশ জারি করেন আদালত। এই আদেশের ফলে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে বাধ্য নয় রিহ্যাব। আবাসন সেক্টরের শীর্ষ এই সংগঠনটির নির্বাচিত কমিটি এখন থেকে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশনের (পিটিশন নং ১০৪৩৬/২০২৬) পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। রিহ্যাবের আইনজীবী কামরুল বিন আজাদ এ তথ্য জানান।
আইনজীবী কামরুল বিন আজাদ জানান, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা একটি চিঠির মাধ্যমে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া সব ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হয়। ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক হাইকোর্টে একটি রিট করেন। গতকাল উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।
এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন করে স্বাভাবিক পরিবেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে। একইসাথে সংগঠনটির বোর্ড সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৭ অক্টোবরের নির্দেশনার কারণে যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, তা আপাতত কার্যকর থাকছে না।
আইনজীবী কামরুল বিন আজাদ আরো জানান, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








