ডেমরার আবু হুরায়রা মাদরাসায় ৭০ হাফেজকে সংবর্ধনা
ডেমরায় আবু হুরায়রা মাদরাসায় ৭০ জন হাফেজকে সংবর্ধনা দেয়া হয় : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মাদরাসা আবু হুরায়রা (রহ.)। প্রতিষ্ঠানটির প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ৭০ জন শিক্ষার্থী সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে। এসব শিক্ষার্থীর অর্জন উদযাপন এবং কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে আয়োজন করা হয় ‘৭০ জন হাফেজে কুরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’।
রাজধানীর ডেমরার মধুবাগ, পাড়াডগার এলাকায় মাদরাসা সংলগ্ন বালুর মাঠে শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী শিক্ষা প্রদর্শনীর মধ্য দিয়ে ৭০ জন হাফেজে কুরআনকে   সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবী উল্লাহ নবী। বিশেষ মেহমান ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা আবু হুরায়রা (রহ.)-এর পরিচালক ও প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান। ৭০ জন হাফেজে কুরআনকে পাগড়ি পরিয়ে দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ বাকী আননদভী।
মাদরাসা আবু হুরায়রা (রহ.)-এর বর্তমানে ১১টি শাখায় প্রায় দুই হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Advertisement