
রয়টার্স
ইউরোপের বিভিন্ন দেশের পর এবার জেন-জি তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে জার্মানিতেও। উন্নত শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে গতকাল শনিবার দেশটির ৩৪টি শহরে বিক্ষোভে অংশ নিতে পারেন এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। আয়োজকরা এ তথ্য জানিয়েছেন।
ইউরোপের বিভিন্ন দেশে চলতি বছর জেন-জি তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভ হয়েছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলন নির্বাচনের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের ক্ষমতাসীন নেতাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রেখেছে। অন্য দিকে ফ্রান্সে বিক্ষোভের একপর্যায়ে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটে। জার্মানিতে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি প্রচারগোষ্ঠী এ বিক্ষোভের আয়োজন করছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ ৩৪টি শহরে কর্মসূচি পালিত হবে। আয়োজকদের দাবি, তারা বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করছে। একই সাথে শিক্ষাক্ষেত্রে সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবি জানাচ্ছে। তাদের মতে, জার্মানির অনেক তরুণই জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে আর্থিক চাপে রয়েছেন। শনিবার হ্যালোইন উৎসবের দিনেই এসব বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা। জার্মান কর্তৃপক্ষের ধারণা, কর্মসূচিগুলো মোটামুটি শান্তিপূর্ণ থাকবে। তবে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে তারা। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটির উগ্র বামপন্থী কিছু গোষ্ঠী এবং বিদেশী উগ্রপন্থী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন বিক্ষোভের পক্ষে সমর্থন সংগঠিত করার চেষ্টা করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








