
প্রতিটি মাদরাসা ও খানকার অধীনে একটি করে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি। তিনি বলেছেন, যারা পূর্ণাঙ্গ দীনি শিক্ষা গ্রহণ করতে চান না, তাদের সন্তানরা এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও দীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি ব্যবসায়ী ও দিনমজুরদের জন্য বিশেষ ধর্মীয় শিক্ষাকোর্স চালুরও পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার মাদরাসা মসজিদে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক বয়ানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন : অপরাধীদের শাস্তি চেয়ে যা বললেন ড. ইউনূস
বয়ানে ইলমেদীন অর্জনের গুরুত্ব তুলে ধরে মাওলানা হানিফ জালান্ধরি বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। তবে পুরো জাতির মধ্য থেকে একটি দল দীনের গভীর জ্ঞান অর্জনের দায়িত্ব পালন করলে সামষ্টিকভাবে এ ফরজ আদায় হয়ে যায়। তা সত্ত্বেও প্রত্যেক মুসলিমের জন্য ইসলামের মৌলিক ও প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা আবশ্যক। মানুষের কাছে সেই জ্ঞান পৌঁছে দেয়ার দায়িত্ব উলামায়ে কেরামকে পালন করতে হবে।
সমাজের সাধারণ মানুষের ধর্মীয় অজ্ঞতার কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বলেন, সমাজে অসংখ্য মানুষ রয়েছে, যারা শুদ্ধভাবে কালেমা পড়তে পারে না, নামাজের সূরাগুলো সঠিকভাবে জানে না, এমনকি কোরআন তেলাওয়াতও করতে পারে না। তাদের কাছে দীনের সঠিক শিক্ষা পৌঁছে দেয়ার দায়িত্ব আলেম সমাজ ও তালিবে ইলমদের নিতে হবে।
আরো পড়ুন : বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা
এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা তাওবার ১২২ নম্বর আয়াত তেলাওয়াত করেন। আয়াতটির ব্যাখ্যায় তিনি বলেন, তালিবে ইলমরাই সেই বিশেষ দল, যারা নিজ নিজ এলাকা, শহর ও গ্রামের পক্ষ থেকে দীনের গভীর জ্ঞান অর্জন করতে এসেছে। পড়াশোনা শেষে নিজ এলাকায় ফিরে গিয়ে মানুষকে দীনের শিক্ষা দেয়া এবং বিভিন্ন গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা তাদের দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কোরআন-হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে।
মাওলানা হানিফ জালান্ধরি বলেন, সমাজের সবাই পূর্ণাঙ্গ দীনি শিক্ষার জন্য মাদরাসায় আসবে না। তাই মাদরাসা ও খানকার অধীনে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামের মৌলিক বিষয়গুলো শেখানো সম্ভব হবে। একইভাবে জীবিকার ব্যস্ততায় যারা নিয়মিত মাদরাসায় আসতে পারেন না, সেই ব্যবসায়ী ও দিনমজুরদের জন্যও সময়োপযোগী বিশেষ কোর্স চালু করা যেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রহমানীসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় উলামায়ে কেরাম।
প্রসঙ্গত, মাওলানা হানিফ জালান্ধরি পাকিস্তানের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার অন্যতম শীর্ষ সংগঠক। তিনি মুলতানের ঐতিহ্যবাহী জামিয়া খায়রুল মাদারিসের প্রতিষ্ঠাতা মাওলানা খায়র মুহাম্মদ জালান্ধরি রহ:-এর নাতি এবং মাওলানা মুহাম্মদ শরিফ জালান্ধরি রহ:-এর ছেলে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









