
টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০
টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও পুলিশ চলে যাওয়ার পর আবারো সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে আশুগঞ্জ বাজারে একটি ধান-চালের আড়তের গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে সকালে সালিশ বৈঠক বসে। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশুগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ইটনায় ১০৮ বস্তা সার জব্দ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাযোগে অবৈধভাবে সার পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌপুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার এলংজুরী ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নৌপুলিশ জানায়, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌকা ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সারবোঝাই নৌকাটি জব্দ করে পুলিশ। ইটনা নৌপুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, একটি নৌকায় অবৈধভাবে সার পাচার হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে বালু তুলতে গিয়ে মাটি চাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর এলাকার জংসের মিয়ার ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো সকালেও জীবিকার তাগিদে ডাউকি নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। কাজ করার সময় আকস্মিকভাবে প্রায় ১৫ হাত পানির নিচে মাটির স্তূপ ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখেঁাঁজ হন। পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ওসি ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা।
যুবদল নেতার ওপর হামলা
চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার ওপর হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মতলব পৌর যুবদল। গতকাল শনিবার মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব এ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক এবং মাকসুদুল ইসলাম সোহাগ ও রিপন সরকারকে সদস্য করা হয়েছে। মতলব পৌর যুবদলের আহ্বায়ক জানান, হামলার সুষ্ঠু তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত বুধবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে তুলে নিয়ে আবু সামাকে মারধর করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মতলব (চাঁদপুর) সংবাদদাতা।
ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়না আক্তার ঢাকার দোহার থানার কাজির চর বেপারী বাড়ির বাসিন্দা। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি-দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইয়াকুব আলীসহ ডিবির একটি দল অংশ নেয়। গ্রেফতার ময়না আক্তারের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজু করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা জেলা প্রতিনিধি।
গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল
স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান মো: মোকছেদুল মোমিন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এ অর্জনে লালপুর উপজেলাসহ পুরো জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মো: মোকছেদুল মোমিন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাটোর প্রতিনিধি।
সীমান্তে ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। গতকাল শনিবার ভোরে সিলেটের কানাইঘাট সীমান্তে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কানাইঘাট উপজেলার সুরাইঘাট ও ডোনা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি, ৬৪ পিস নিভিয়া লোশন, চার হাজার পিস ভারতীয় সুপারি, ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট ব্যুরো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








