কাউখালীতে বিএনপির ১৪৮ চেয়ারম্যান প্রার্থীর বায়োডাটা জমা

 কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় সমর্থন পেতে ১৪৮ জন তাদের রাজনৈতিক ও সামাজিক জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দিয়েছেন। 
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, গত ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফির কাছে বায়োডাটা জমা দেন। সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এবং উপজেলা বিএনপির নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, জমা পড়া বায়োডাটার মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ১০৮ জন রয়েছেন। চেয়ারম্যান পদে সয়না রঘুনাথপুর ইউনিয়নে তিনজন, আমরাজুড়ীতে ছয়জন, কাউখালী সদরে চারজন, চিরাপাড়া পারসাতুরিয়ায় ১১ জন এবং শিয়ালকাঠীতে দুজন বায়োডাটা জমা দিয়েছেন।

Advertisement