হাতিরঝিলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পৃষ্ঠপোষকতায় সিএ অ্যাকাউন্টিং ডে রান ৬ নভেম্বর


আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’। স্ট্যান্ডার্ড চার্টার্ডের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি)।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত আইসিএবি দেশের শীর্ষস্থানীয় পেশাদার হিসাববিদদের প্রতিষ্ঠান। অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেসের (এআইএমএস) অধিভুক্ত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কর্তৃক প্রত্যয়িত রুটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হিসাববিজ্ঞান পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে সিএ ভবনে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। একই সাথে উন্মোচন করা হয় প্রতিযোগিতার টি-শার্ট ও ফিনিশার মেডেল। এতে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এফসিএ, ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মো: কামরুজ্জামান এফসিএ, সম্পাদক মোহাম্মদ একলাস উদ্দিন এফসিএ, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম এফসিএ, আয়োজনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন এফসিএ, ইভেন্ট চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান এফসিএ, ডিআরসির সদস্য মো: মুস্তাক আহমেদ এফসিএ, মাহমুদুর রহমান এফসিএসহ অন্য অতিথিরা।
আগামী ৬ নভেম্বর ভোর ৫টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে দৌড় শুরু হবে। এর আগে ২ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজিতে বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘কিট এক্সপো’। সেখানে নিবন্ধিত অংশগ্রহণকারীদের রেস কিট ও উপহারসামগ্রীসমৃদ্ধ গুডি ব্যাগ দেয়া হবে। 
আয়োজনের পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক, স্প্রিন্ট বাই অ্যাপেক্স, আমিন মোহাম্মদ অ্যাগ্রো, ব্র্যাক ব্যাংক, শাহ সিমেন্ট, বিকাশ, পূবালী ব্যাংক, রানার, ট্রান্সকম লিমিটেড, ফকির টেকনোলজিস, রুচি ও ডিবিএল সিরামিকস। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। বিজ্ঞপ্তি।

Advertisement