
নিজস্ব প্রতিবেদক
নানা অফারের ছড়াছড়ির মধ্যে রাজধানীতে শেষ হয়েছে তিন দিনের পর্যটনমেলা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে শুরু হওয়া বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) ২০২৬ গতকাল সন্ধ্যায় পর্দা নেমেছে।
মেলায় বিমান টিকিট, হোটেল মোটেল ক্রুজ ভ্রমণ, ভিসা প্রক্রিয়াকরণ, বিদেশে চিকিৎসাসহ নানান বিষয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ছিল। এসব অফারের অধিকাংশ স্টলে শেষ দিনে ছিল দর্শনার্থীর উপচেপড়া ভিড়।
মেলা ঘুরে দেখা যায়, হোটেল মোটেল ও সুন্দরবন ভ্রমণের ক্রুজের টিকিটেও ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে মেলা উপলক্ষে ওয়েভ নামের একটি প্রতিষ্ঠানের সুন্দরবনগামী ক্রুজ ভ্রমণে ১৫ শতাংশ ছাড় ছিল। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, খুলনার জেলখানাঘাট থেকে এ ক্রুজ ভ্রমণের ব্যবস্থা রয়েছে। দুই রাত ও তিন দিনের প্যাকেজের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
অন্য দিকে হোটেল বুকিং ও ক্রুজ ভ্রমণে বিশেষ অফার ছিল সি পার্লের। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছেন। সুন্দরবন ভ্রমণের জন্য ১২ থেকে ১৯ হাজার টাকার বিভিন্ন প্যাকেজও রয়েছে তাদের।
বিমান টিকিটে ১৫ ও ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। হোটেলে একরাত বুকিং দিয়ে তিনরাত থাকার সুযোগও দিয়েছে কিছু প্রতিষ্ঠান। এ ছাড়া ভিসা প্রক্রিয়াকরণের খরচে ছিল ৫০ শতাংশ ছাড়।
মেলায় নির্দিষ্ট গন্তব্যের টিকিটে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা দিয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির বিক্রয় নির্বাহী জানান, আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে ১২ শতাংশ এবং অভ্যন্তরীণ গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। মোট ১৯টি গন্তব্যের টিকিটে এ সুবিধা দেয়া হয়। এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্য ১৪টি ও অভ্যন্তরীণ গন্তব্য পাঁচটি।
ভ্রমণসেবা প্রতিষ্ঠান ট্রিপ সাইলো মেলায় ভিসা প্রক্রিয়াকরণে ৫০ শতাংশ ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, বিভিন্ন দেশের ভ্রমণ প্যাকেজ নিয়ে তারা মেলায় অংশ নিয়েছেন। তাদের ভাষ্য, সড়কপথে ভুটান ভ্রমণের প্রতি আগ্রহ বাড়ছে। বিমানপথের তুলনায় বাসে যাতায়াতের খরচ প্রায় এক-তৃতীয়াংশ কম হতে পারে। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, ভুটান ভ্রমণে ছয় রাত ও পাঁচ দিনের প্যাকেজের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজে সকালের ও রাতের খাবার অন্তর্ভুক্ত। এ ছাড়া বিদেশে চিকিৎসাসেবা সম্পর্কেও তথ্য দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাতেও ছিল নানান অফার ।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য ‘এআইনির্ভর পর্যটন, টেকসই গন্তব্য’। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০টি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা এতে অংশ নিয়েছিল। মেলায় ছিল ২০০টির বেশি বুথ ও স্টল। পর্যটন খাতের ব্যবসা সম্প্রসারণ, নতুন ভ্রমণ গন্তব্যের প্রচার ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








