প্রধানমন্ত্রী ফেরার ফ্লাইটে উইংয়ের স্পয়লারে ত্রুটি ধরা পড়ে, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের জাপান সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতারা তাকে স্বাগত জানান : পিআইডি।

বিশেষ সংবাদদাতা 

Advertisement

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৭৭) কারিগরি ক্রটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। এরপর বিমান ও পর্যটনমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে বিমানের এক অফিস আদেশে গঠিত তদন্ত কমিটিকে কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা  নিশ্চিতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং এর ফলে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবর্মূতির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণের নির্দেশ দেয়া হয়।  
গতকাল শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজারের (জনসংযোগ) সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, আমরা গণমাধ্যমে যে প্রেস রিলিজ পাঠিয়েছি তাতে খুবই সতর্কতার সাথে তথ্য উল্লেখ করে তারপর পাঠিয়েছি। কারণ এটি একটি ভিভিআইপি ফ্লাইট। 
বলাকা ভবন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার  টোকিওর নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানের (বিজি-৩৭৭ এস২এজেওয়াই) ড্রিমলাইনার ৭৮৭-৯০০ মডেলের ফ্লাইটটি পুশব্যাক করা হয়। বিমানবন্দরের টেক্সিওয়েতে যাওয়ার পর এ ফ্লাইটের অভিজ্ঞ পাইলট ইমামুলের কাছে স্পয়লারের সমস্যা (যান্ত্রিক ক্রটি) ধরা পড়ে। এ সময় প্রধানমন্ত্রী উড়োজাহাজে ছিলেন। সাথে সাথে অনবোর্ডে থাকা বিমানের প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করে তা ঠিক করে ফেলেন। আর এ প্রক্রিয়াটি শেষ হতে প্রায় চার ঘণ্টা সময় লাগে বলে নারিতার বাংলাদেশ বিমানের স্টেশন অফিস থেকে ঢাকায় পাঠানো বিশেষ বার্তায় জানানো হয়। এয়ারক্রাফট সংশ্লিষ্টরা জানান, প্রকৌশলীদের মেরামত কাজ চলার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইট থেকে নেমে যান। পরে মধ্যরাতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।
গত রাতে বিমানের একজন কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, প্রাথমিকভাবে যেটি জানা গেছে তা হলো, নারিতা বিমানবন্দরে বিমানের ফ্লাইটের যে স্থানে ক্রটি দেখা দিয়েছিল সেটি মূলত স্পয়লারের সমস্যা। এটি পাখার (উইং) দু’পাশে থাকা একটি পার্টসের নাম।