
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা। বঙ্গোপসাগর উত্তাল ও ঝড়ো বাতাসের কারণে গতকাল সকালে দুবলারচরের বিভিন্ন এলাকায় পৌঁছেই তারা নিরাপদ আশ্রয়ের জন্য নৌকা ও ট্রলার নিয়ে বনের খালে অবস্থান নিতে বাধ্য হন। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাগরে ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউ সৃষ্টির কারণে এ অবস্থায় পড়েছেন তারা।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: কামাল উদ্দিন আহমেদ গতকাল দুপুরে মুঠোফোনে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে রওনা হয়ে জেলেদের বহর শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচরে পৌঁছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা চরে নেমে অস্থায়ী ঘর ও মাছ শুকানোর গোলা তৈরি করতে পারেননি। বাধ্য হয়ে তারা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো: খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে দুবলারচরে পৌঁছেই বৈরী আবহাওয়ার মুখে পড়েন শুঁটকিকরণ জেলেরা। আবহাওয়ার কারণে তারা সাগরে মাছ ধরতে যেতে পারেননি। ৩০ অক্টোবর থেকে দুবলারচরে শুঁটকি মৌসুম শুরু হয়েছে। ইতোমধ্যে সাত হাজারের বেশি জেলে সেখানে সমবেত হয়েছেন।
তিনি জানান, আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর নিয়ে শুঁটকিপল্লী গঠিত। প্রতিবছর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০ হাজার জেলে এখানে আসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








