সংক্ষিপ্ত সংবাদ


ইয়াবাসহ মাদককারবারি আটক

Advertisement

খুলনা জেলার ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আকরাম বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শাহপুর গাজীপাড়ায় থানা পুলিশ অভিযান চালায়। আটক আকরাম থুকড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আকরাম দীর্ঘদিন ধরে খুলনা শহরে মাটি কাটার সর্দার হিসেবে কাজ করতেন এবং মাদক সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরে ছিলেন। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা।

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ সব পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় হঠাৎ পাশের ঘরে ধোঁয়া দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের চেষ্টা ও ফায়ার সার্ভিসের সদস্যরা পেঁৗঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো: হারুন অর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যান সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

সীমান্তে চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সোনালীচেলা, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, সংগ্রাম, দমদমা ও বিছনাকান্দি বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালান। অভিযানে ভারতীয় মদ, গরু, টমেটো, কম্বল, ফল, চা পাতা, চকলেট, কসমেটিকস, কিসমিস, এনার্জি ড্রিংকস ও আতশবাজিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা। শুক্রবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সিলেট ব্যুরো।

পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে এমপি

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া মহানগরীর উত্তর গোদারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নূরনবী নামের এক ব্যক্তির বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শুক্রবার সকালে নুরুন্নবীর বাসভবনে ছুটে যান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস সাজেদা সামাদ ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল বাসেত, মুখলিছুর রহমান মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মোরশেদুল ইসলাম সুইট, ওয়ার্ড জামায়াতের নায়েবে আমির আরিফুল ইসলাম মুক্তা, জাকির হোসেন, রাশেদুল ইসলাম রনি, মাওলানা আবদুল মোমিন, মহিলা নেত্রী মনিরা বেগম, ফাতেমাতুজ জোহরা, মুন্নী বেগম, ছায়া বেগম, লুৎফুননাহার লতা, মোস্তারী, পেয়ারা বেগম, সুমী ও রতœাসহ অন্যান্য নেতা। এ সময় মহিলা সংসদ সদস্য ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা প্রদানের ঘোষণা দেন। বগুড়া অফিস।
সাপের দংশনে ছাত্রীর মৃত্যু

কুলাউড়ায় বিষাক্ত সাপের দংশনে সুনিয়া আক্তার (১৬) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার  ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুনিয়া রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে। সে চৌধুরী বাজার জি এস কুতুবশাহ আলিম মাদরাসার দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিল। আগামী রোববার শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা জানান, রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আনু মিয়া সাপের কামড়ে ছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা।

আশুলিয়ায় যুবক গুলিবিদ্ধ

ঢাকার আশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত সাইদুর লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার ধলপুর এলাকার রকি দেওয়ানের সাথে হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাতে হাফিজুরের ছেলে আসিফ ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে রকিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি সাইদুরের পায়ে লাগে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।

ফুটপাথ দখলমুক্ত অভিযান

পিরোজপুরের কাউখালীতে জনসাধারণের চলাচলের ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ বাজারে হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ফুটপাতে মালামাল রাখায় পথচারীরা বাধ্য হয়ে মূলসড়ক ব্যবহার করছেন, ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভবিষ্যতে কেউ এমন করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

নলকূপ খননে গ্যাসের অস্তিত্ব

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে আগুন চতুর্থ দিনের মতো জ্বলছে। গত মঙ্গলবার নলকূপ খুঁড়তে গিয়ে আগুনের সূত্রপাত হয়। চার দিন পেরিয়ে গতকাল শুক্রবার সকালেও আগুন নেভেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের দু’শ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আকতার এই আদেশ দেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাপেক্সের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ভূগর্ভস্থ গ্যাসের আধার থেকে উচ্চচাপে গ্যাস বের হচ্ছে। তবে গ্যাসের প্রকৃতি নিশ্চিত হতে নমুনা বিশ্লেষণ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে নমুনা সংগ্রহ করা সম্ভব না হলেও মাটির কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেণে সাত দিন সময় চেয়েছে বাপেক্স দল। কক্সবাজার অফিস।