প্রচারে আসছে ‘খুউব চেনা গল্প’
প্রচারে আসছে ‘খুউব চেনা গল্প’।

বিনোদন প্রতিবেদক
নভেম্বর মাসেই ‘এমএসএম ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রচারে আসছে মীর সাব্বিরের গল্প ভাবনা ও পরিচালনায় এই ইউটিউব চ্যানেলে প্রথম ধারাবাহিক নাটক ‘খুউব চেনা গল্প’। নাটকটি রচনা করেছেন শাহাবুদ্দীন আহমেদ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ আরো অনেকে। মীর সাব্বির বলেন, ‘খুব চেনা গল্প, আমাদের জীবনেরই গল্প, আমাদের জীবনের চেনা গল্প নিয়েই মূলত এই নাটকটি নির্মাণ। আমাদের জীবনের আশপাশের চেনা গল্প নিয়ে কিন্তু আমরা খুব বেশি ভাবি না। মূলত পারিবারিক মূল্যবোধ, পারিবারিক বন্ধনের গল্পের নাটক। আমরা অনেক সময় বাবা মাকে বুঝতে পারি না, কিন্তু একটা সময় এসে আমরা আমাদের ভুল বুঝতে পারি, যখন নিজেরা বাবা মা হই। এসব নিয়েই গল্প, যা প্রত্যেক দর্শকের মন ছুঁয়ে যাবে।’ ডলি জহুর বলেন, ‘সাব্বিরের অনেক নাটকে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে সাব্বির যতটা সিনসিয়ার তার চেয়েও বেশি সিনসিয়ার একজন পরিচালক হিসেবে।’ শাহেদ আলী বলেন, ‘ পরিচালক হিসেবে সাব্বির ভীষণ মনোযোগী একজন পরিচালক। শুটিং চলাকালীন আসলে বুঝা যায় না যে কত কঠিন একটি কাজ খুব সহজে সে করে নিচ্ছে। একজন অভিনেতা সাব্বিরের চেয়ে পরিচালক সাব্বির অনেক বেশি ডেডিকেটেড।’ দীপা খন্দকার বলেন, ‘সাব্বির আমার বন্ধু। তার পরিচালনায় এর আগেও কাজ করেছি। সাব্বির পরিচালনায় কোনোরকম ছাড় দেয় না। যে কারণে তার নাটকগুলো দর্শকের কাছে সমাদৃত হয়। মূলত সাব্বির তার প্রতিটি নাটকেই জীবনের গল্প বলার চেষ্টা করে।’ তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘সাব্বির ভাইয়ের পরিচালনায় কাজ করতে পারার মধ্যে একটা আলাদা স্বাচ্ছন্দ, আরামবোধ আছে। নিজের চরিত্র নিয়ে অনেক বেশি ভাবতে হয় না। সাব্বির ভাই-ই সবকিছু এত সহজ করে দেন যে, মন দিয়ে শুধু অভিনয়টা করে যেতে পারলেই চরিত্র দাঁড়িয়ে যায়। আমি সত্যি খুব আশাবাদী ‘খুউব চেনা গল্প’ ধারাবাহিকটি নিয়ে।’   
 

Advertisement