গানে গানে পৃথিবী ভ্রমণ করার স্বপ্ন জুঁইয়ের
গানে গানে পৃথিবী ভ্রমণ করার স্বপ্ন জুঁইয়ের।

সাকিবুল হাসান
সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক গানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ইসরাত জাহান জুঁই। সাধারণত শিল্পীরা স্টেজ শোতেই বেশি ব্যস্ত থাকতে ভালোবাসেন। কিন্তু এই ক্ষেত্রে জুঁই একটু আলাদা। তিনি বছরজুড়ে স্টেজ শোতে ব্যস্ত থাকার পাশাপাশি নিয়মিত নিজের মৌলিক গানও প্রকাশ করেন। তবে গান নিয়ে নিজের অনেক বড় এক স্বপ্নের কথা জানালেন জুঁই। জুঁই বলেন, ‘বিগত বেশ কয়েক বছর ধরে আমি দেশে বিদেশে অনেক স্টেজ শো করেছি। স্টেজ শোতে গান গেয়ে দেশে বিদেশে অনেক শ্রোতা দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি সত্যি বলতে, গান নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখি। আর তা হলো বাংলা ফোক গানকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতে চাই। এরই মধ্যে নিজেদের মাটির গান, শেকড়ের গান অর্থাৎ ফোক গান নিয়ে কয়েকটি দেশে গিয়েছি আমি। কিন্তু আমি চাই আসলে সারা পৃথিবীর আনাচে কানাচে আমাদের দেশের ফোক গান পৌঁছে দিতে। ফোক গানে আমরা এতটাই সমৃদ্ধ যে তা সারা পৃথিবীর গানপ্রেমী মানুষকে জানান দিতে ইচ্ছে করে। আমি আমার স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। তবে আমার বিশ^াস একটু একটু করে আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যাবো। জানি বাধা আসবে, কিন্তু আমি থেমে থাকতে চাই না।’ এরই মধ্যে জুঁইয়ের নিয়মিত ফেসবুক পেজ কয়েকবার হ্যাকড হয়ে যাবার পর আর ফিরে পাননি তিনি। কয়েক দিন আগেও তাই হয়েছে। অনেক কষ্টের পর তা উদ্ধার করা গেছে। আগামীর পথে এগিয়ে যাবার ক্ষেত্রে এগুলোও এক ধরনের বিরাট বাধা। জুুঁইয়ের জানা নেই কারা এসব করছেন নেপথ্যে থেকে। কিন্তু এটাও সত্যি, তার জানা অজানা অনেক শত্রুও রয়েছে যারা তার ভালো চান না। কিন্তু জুঁই বিশ^াস করেন তিনি একদিন তার গন্ত্যবে পৌঁছাবেনই। এদিকে ঢাকার সঙ্গীত কলেজ থেকে মিউজিকে (বিষয় : লোক সঙ্গীত, চার বছরের কোর্স) অনার্স সম্পন্ন করেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে। এরই মধ্যে তিনি একই কলেজ থেকে মাস্টার্স (এক বছরের কোর্স, বিষয় : লোক সঙ্গীত) সম্পন্ন করেছেন। দুদিন আগেই জুঁইয়ের মাস্টার্সের ফল প্রকাশিত হয়েছে। মিউজিক কলেজের ভাষায় এটাকে বলা হয়ে থাকে এম মিউজিক। এম মিউজিকে ৪-এর মধ্যে জুঁই ৩.৭০ সিজিপিএ পেয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন অর্থাৎ ফলাফলে তিনি কলেজের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন।’ এরই মধ্যে জুুঁই জানান, কিছু দিন আগেই তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’তে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘মনের ভেতর থাইক তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন এবি বাবু।

Advertisement