
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা নিহতের ঘটনায় দুর্ঘটনায় জড়িত পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। কালীগঞ্জ থানার মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিকআপের চালক মো: মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
গত ২৩ অক্টোবর কালীগঞ্জ পৌরসভার সরকারি শ্রমিক কলেজসংলগ্ন এলাকায় রাতের দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মাঝরাতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার সাথে কথোপকথনের জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদি হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় থানায় মামলা করেন।
এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল গত ২৮ অক্টোবর সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে পিকআপটি উদ্ধার করে জব্দ করে। পিকআপটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২। এ সময় পিকআপের হেলপার মো: রাজু শেখকে (২৯) গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দণি ফুকরা এলাকার মো: লুৎফর রহমানের ছেলে। হেলপারকে জিজ্ঞাসাবাদ করে পিকআপের চালক মো: মাজহারুল ইসলামের সন্ধান পাওয়া যায়।
অন্যদিকে, গতকাল তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-২-এর যৌথ অভিযানে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চারখালী এলাকা থেকে পিকআপের চালক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








