
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও উপসর্গে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৬৬ জন। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং একজন করে ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৫৪৪ জন। এর মধ্যে এক হাজার ৩১৪ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৯৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৩৬২ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১১০ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১২৩ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ২২ হাজার ৪৭৮ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৩ হাজার ৪৭৮ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৩, চট্টগ্রামে ১১৭, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯১, বরিশালে ৮৫, খুলনায় ৫২ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে নতুন ভর্তি ১৫৪
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামে টানা তিন দিনে ছয় শিশুর মৃত্যুর পর এক দিন মৃত্যুহীন কেটেছে। তবে এতেও মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৫৪ জন। তবে এ সময়ে নতুন করে কারো হাম শনাক্ত হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৩ জন। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








