
ভারতে বসে আরাম আয়েশে জীবন যাপন করে আর বাংলাদেশকে অস্থিতিশীল, আগুন সন্ত্রাস ও বোমাবাজি করতে পলাতকরা উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সতর্ক করে তিনি বলেন, ধৈর্যেরও একটা সীমা আছে, সেটা ভাঙবেন না কিন্তু।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল মারছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তায় নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
দীর্ঘ ১৭ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম এবং চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, আবারো বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমানো যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। তিনি তখনই পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা পালন করেছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময় ও ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন উল্লেখ করে রিজভী বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। উত্তর প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে তার সংগ্রামী জীবন নিয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








