মেঘনা আলম, দুদক, মেঘনা আলমের বিরুদ্ধে অভিযোগ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, অর্থ পাচার, দুর্নীতি ও প্রতারণা, দেওয়ান সামির, দুদকের অনুসন্ধান
মডেল মেঘনা আলম। সংগৃহীত

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

বুধবার বেলা ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। এরপর উপ-পরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে তলবি চিঠি পাঠানো হয়েছিল।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমকে দুদকের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেয়ার অনুরোধ জানানো হয়েছিল তলবি চিঠিতে।

মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেঘনা আলম।