
নয়া দিগন্ত ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। চট্টগ্রাম ও সাতক্ষীরায় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেটে ২৪ ঘণ্টায় ৩ জন খুন হয়েছেন।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা না পেয়ে আব্দুস সামাদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
গতকাল ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
নিহত আব্দুস সামাদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথে বাগি¦তণ্ডায় জড়ান আনোয়ার হোসেন। একপর্যায়ে তিনি মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান; কিন্তু আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বাবা তাকে শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তার বাবার ওপর হামলা চালান। মাথা ও বুকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে আনোয়ার তার বাবার ওপর হামলা চালান। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত (২০) ও নুর উদ্দিন (২৫)। কিন্তু সেই সুখের স্বপ্ন স্থায়ী হলো মাত্র কয়েক মাস। যৌতুকের দাবি মেটাতে না পেরে অবশেষে প্রাণ হারাতে হলো আট মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে। রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায়।
নিহত তানিয়া কামাল নিহাত পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের মেয়ে। অন্য দিকে অভিযুক্ত স্বামী নুর উদ্দিন একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে। পুলিশ গৃহবধূর স্বামী নুর উদ্দিনকে আটক করেছে।
অপর দিকে তানিয়ার মায়ের অভিযোগ, শ্বশুরবাড়িতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন নিহাত। ফিরিয়ে নেয়ার পাঁচ দিনের মাথায় তাকে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘সোমবার সকালে জামাই ফোন করে বলল আমার মেয়ে মারা গেছে। তখন তানিয়ার বাবা এলাকার চেয়ারম্যান নিয়ে তাদের বাড়িতে যায়। আমরাও যাই। গিয়ে দেখি তানিয়ার গলায় ফাঁসের দাগ। নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আমার মেয়েকে তারা গলাটিপে মেরে ফেলেছে।’
কর্ণফুলী নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে জিতু চৌধুরী (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। রোববার সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
জিতু চৌধুরী নগরের ডবলমুরিং থানার ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডের গোসাইলডাঙা এলাকার বাসিন্দা। তার বাবার নাম পরিমল চৌধুরী। সদরঘাট নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, গত ২২ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর জিতু নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মনোরঞ্জন মণ্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মণ্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। অবশেষে সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা, কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধে ভাইদের হাতে যুবক এবং জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এর মধ্যে দুই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করেছে পুলিশ।
অন্য দিকে, জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় পিয়ারা বেগম (৬৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার ছেলে সুমন আহমদ (৩২) লাঠি দিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আড়াই বছরের এক শিশুসহ আরো চারজন আহত হয়েছেন। পুলিশ সুমনকে গ্রেফতার করেছে।
তিনটি ঘটনায়ই বিরোধের জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকা জেলা প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আহসান উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া আমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শাহনাজ আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া এলাকার আলতাফ হোসেন সরদারের মেয়ে।
এ ঘটনায় নিহতের ভাই মো: আনোয়ার হোসেন (৩৯) বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








